কাজী নজরুল ইসলাম
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৫:৩৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ১৫:৩৫ পিএম
আঁকা : নিশা আক্তার
থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,Ñ
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে।।
কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার-বানে ।।
কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায় :
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে;
শুনব আমি, ইঙ্গিতে কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।
কোন্ বেদনায় টিকি কেটে চণ্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় উঠল মাতি।
আয়র্লন্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরে :
তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি।
কেমন করে মাঝ-গগনে নিবল গ্রিসের সূর্য-বাতি।।
রইব নাকি বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরেÑ
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চূড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নিচে, উঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।