প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১২:৪৭ পিএম
ইউনেস্কো ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস-২০২৫
দক্ষিণ এশিয়ায় স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত ‘ইউনেস্কো ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস-২০২৫’-এর প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে এই অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় সবচেয়ে এগিয়ে রয়েছে, যা আঞ্চলিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে ইউনেস্কোর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ২৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীর গড় হার ৩ দশমিক ৭০ শতাংশ। উচ্চশিক্ষার এই প্রসার ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ বড় প্রতিবেশী দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে।
ইউনেস্কোর তথ্যমতে, তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে মালদ্বীপ (৩ দশমিক ১ শতাংশ) এবং ভারত (৩ দশমিক ০৫ শতাংশ)। এ ছাড়া পাকিস্তান ২ দশমিক ৬৮ শতাংশ, ভুটান ১ দশমিক ৮০ শতাংশ এবং নেপাল ১ দশমিক ৭০ শতাংশ গড় হার অর্জন করেছে। তবে সাধারণ সাক্ষরতার হার অনেক বেশি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কায় স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার সবচেয়ে কম, মাত্র ০ দশমিক ৭৭ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এই সাফল্য এসেছে ধারাবাহিক অগ্রগতির হাত ধরে। ২০১৫ সালে এই হার ৩ দশমিক ৩ শতাংশ থাকলেও ২০১৯ সালে তা এক লাফে সর্বোচ্চ ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছায়। ২০২২ সালে ৩ দশমিক ৭ শতাংশ এবং ২০২৩ সালে ৩ দশমিক ৬ শতাংশ হার নিয়ে সাফল্য ধরে রাখে বাংলাদেশ।