জাহিদ খান
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১২:৩২ পিএম
ইউআইইউ মেরিনার দল মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মেরিনার’ দল মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২৫ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের মেমোরিয়াল ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি সামুদ্রিক রোবোটিক্স খাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা।
এ বছর ইউআইইউ মেরিনার তাদের রোভের নাম দিয়েছে ‘ক্র্যাকেন’। অত্যাধুনিক এ রোভটি পানির নিচে চারদিকে চলাচল করতে সক্ষম। পাশাপাশি এটি নির্ভুলভাবে পানির গভীরতা ও দূরত্ব পরিমাপ করতে পারে এবং পানির নিচ থেকে সরাসরি ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। দলটির আশা, ‘ক্র্যাকেন’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের শক্ত অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছর যাত্রা শুরু করা ইউআইইউ মেরিনার অল্প সময়েই নিজেদের দক্ষতা ও সক্ষমতার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। এর ধারাবাহিকতায় দলটি এবার প্রতিযোগিতার সবচেয়ে উন্নত স্তর ‘এক্সপ্লোরার ক্লাস’-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম দল হিসেবে এ পর্যায়ে অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে তারা। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইফতেখারুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক হিসেবে রয়েছেন সাদিক হোসেন। তাদের তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম। এছাড়া মেন্টর হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক ফাহিম হাফিজ ও প্রভাষক শেখ মো. সাইফুর রহমান।
আগামী জুনে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কানাডায় যাবে ইউআইইউ মেরিনার দল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা ও অনুপ্রেরণা দলের সদস্যদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় দল হিসেবে ইউআইইউ মেরিনার যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২৫-এর পাইওনিয়ার ক্লাসে এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছিল। পাশাপাশি দলটি কারিগরি নথিপত্র উপস্থাপনায় চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিও পেয়েছিল।