বুটেক্সে ‘তন্তুজাল’
ফারুক হাসান
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১২:২৮ পিএম
প্রতিযোগিতাটি আয়োজন করে বুটেক্স ডিবেটিং ক্লাব
বিতর্ক শুধু কথার লড়াই নয়, এটি চিন্তা ও যুক্তির এক জীবন্ত অনুশীলন। সেই দর্শনকেই সামনে রেখে রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দুই দিনব্যাপী আয়োজন ‘তন্তুজাল’ ২০২৬ যেন রূপ নেয় এক বুদ্ধিবৃত্তিক উৎসবে। ৮ ও ৯ মে অনুষ্ঠিত জাতীয় বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে বুটেক্স ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)। এ বছরের প্রতিপাদ্য- ‘দ্য বেঙ্গল সুবাহ : ইকোস অব দ্য মুঘল এইজ’ শুধু একটি থিম নয়, বরং বিতর্কের প্রতিটি রাউন্ডে ইতিহাসের পুনরাবিষ্কারের এক সৃজনশীল প্রয়াস। মুঘল সময়কার সুবাহ বাংলার শিল্প, স্থাপত্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়, যা পুরো আয়োজনকে দিয়েছে এক অনন্য বৌদ্ধিক গভীরতা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪৪টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়Ñ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ বিতার্কিকদের মিলনে তৈরি হয় প্রাণবন্ত প্রতিযোগিতার পরিবেশ। প্রাথমিক রাউন্ড পেরিয়ে ১৬টি দল এগিয়ে যায় নকআউট পর্বে, যেখানে প্রতিটি যুক্তি, প্রতিটি বক্তব্য হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।
ওপেন ক্যাটাগরির ফাইনালে অংশ নেয় ডিবেটার কমিউনিটি অব বাংলাদেশ, চাঁদপুর ডিবেট মুভমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং ক্লাব। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম-জেড) এবং রানারআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস-বি)। এই ক্যাটাগরিতে ডিবেটার অব দ্য ফাইনাল এবং ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইরফান খান অপূর্ব।
স্কুল-কলেজ বিভাগে ফাইনালে অংশ নেয় প্রিপারেটরি ডিবেটিং সোসাইটি-০১, মিল্লাত ডিবেটিং সোসাইটি ‘মরুসিংহ’ এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি’র দুটি দলসহ অন্যান্য দল। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় প্রিপারেটরি ডিবেটিং সোসাইটি-০১ এবং রানারআপ হয় মিল্লাত ডিবেটিং সোসাইটি ‘মরুসিংহ’। স্কুল-কলেজ পর্যায়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইসলামুল হক সৌরভ ও তানভীর, আর ডিবেটার অব দ্য ফাইনাল হন সাওম রহমান।
পুরো প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা, যা প্রতিটি রাউন্ডকে করেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মানসম্মত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ডা. মো. জুলহাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার বক্তব্যে ফুটে ওঠে ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মো. মুনেম শাহরিয়ার অর্ণব। শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজনটি পায় পূর্ণতা। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত যেন দুই দিনের বুদ্ধিবৃত্তিক উত্তাপকে রূপ দেয় আনন্দের উচ্ছ্বাসে। ‘তন্তুজাল’ ২০২৬ প্রমাণ করে বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা; যেখানে ইতিহাস, যুক্তি ও স্বপ্ন একসাথে ভবিষ্যতের পথ তৈরি করে।