আমাদেরও ছিল এক অগণন গাছে ছাওয়া বাগানবাড়ি
আম লিচু হরীতকী পনস জারুল জাম বিলিম্বি
গামারী
ফলসা কদম্ব তাল ছাতিম অশোক নিম তমাল ও
বহেড়া, গুবাক
সারাদিন কতপাখি শতপাখি লালনীল সহস্র বিহগের ডাক!
হঠাৎ এসেছিল ঝড় বিজুলি চমক সাথে বৈশাখী ঝঞ্ঝা তুমুল
কতগাছ গেল ভেঙে উপড়ে গেল অসংখ্য বৃক্ষের মূল
আহা কত শ্যামা ঘুঘু শালিক দোয়েল ফিঙে সহেলি
কোকিল
নিঃসাড় দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে সব সাদা কালো নীল।...
বাকি যারা বেঁচে ছিল কোথায় হারিয়ে গেল ফেরেনাই আর
আমাদের নতুন বাগান ফের গাছে গাছে ভরেছে
আবার।
কিন্তু কোনোদিনই আর কোনো পাখির ঝাঁক
আসেনি বাগানে
আমরা অপেক্ষায় আছি যদি ফের ফিরে আসে পাখিরা এইখানে।
হয়তো আসবে না তারা, হয়তোবাও ডানার শব্দে আর মাতাবে না বন
হয়তোবা অপেক্ষার দিন শেষ হয়ে মাঝরাতে বাঁশবন বাজবে ঝনঝন।
তবুও আশায় থাকি আমাদের গাছেদের পাতাগুলো হয়ে যাবে পাখি
শালিক দোয়েল শ্যামা, নীল টিয়া, মৌটুসি
সারসেরা করবে ডাকাডাকি।
সবুজ অবুঝ সব পাতা আর লাল নীল
গোলাপি হলুদ সব ফুলগুলো
পাখি হয়ে যাবেÑ
আমরা আশায় আছি একদিন ঠিকই এই
নতুন বাগানে সব বিহগেরা
ডানা ঝাপ্টাবে।
২৬.০৪.২০২৬