রোমেন রায়হান
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৩:২৮ পিএম
অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
এই বাড়িতে শান্তি কি আর
আসবে কোনো দিন?
বলছি কেন? রান্নাঘরে
একটা ছিল মীন!
মেকুর সেটা কামড়ে ধরে
জোরছে দিল ছুট!
ব্যাপার দেখে বিরক্তিতে
লাল রঙা কুক্কুট
ধমক দিয়ে বলল, ওরে!
কুক্কুরু কুক কুক!
তোদের জ্বালায় এই বাড়িতে
থাকবে না আর সুখ!
সারমেয় বলল, সেটাই
ঘেউ ঘেউ ঘেউ ঘেউ
মেকুর কেন তস্কর হবে?
মেকুর কি আর ফেউ!
গোমড়া মুখে বলল বায়স
মেকুর স্বনির্ভর
নিজের খাবার খুঁজছে,
ওকে বলবে না তস্কর।
মেকুর হাজির, ঢেঁকুর তুলে
বলল, বায়স ঠিক
যে যার খাবার ইচ্ছামতন
জোগাড় করে নিক!
বাড়ি জুড়ে ঝগড়াঝাটি
অসন্তোষের ঢেউ
মিয়াঁও মিয়াঁও কুক্কুরু কুক
কা কা ও ঘেউ ঘেউ!
কাণ্ড দেখে গাছের ডালে
শাখামৃগের দল
বলল, সবাই মেকুরকে ধর
থানায় নিয়ে চল!
আলাপ শুনেই মেকুর হাওয়া
কেউ কি তাকে পায়?
হয়তো পাবে, ঘুমুচ্ছে সে
আরাম কেদারায়!
০১.০৫.২০২৬