ফারিয়া লাফি
প্রকাশ : ১২ মে ২০২৬ ১৬:৩৪ পিএম
সেমাই দিয়ে নানা ডেজার্ট
ঈদের দিন টেবিলে সেমাইয়ের নানা পদ থাকে। ভিন্ন কিছু যদি টেবিলে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের হেঁশেলে রইলো সেমাইয়ের কয়েকটি পদ।
ঝুরা লাচ্ছা সেমাই
যা যা লাগবে
লাচ্ছা সেমাই ২০০ গ্রাম, ঘি ১/৪ কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, কাজু বাদাম কুঁচি ১ টেবিল চামচ, কাঠ বাদাম কুঁচি ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুঁচি ১ টেবিল চামচ, চিনি ১/২ কাপ, কোড়ানো নারিকেল ১/৪ কাপ, গুঁড়া দুধ ১/৪ কাপ, ছোট এলাচ ২টি, দারুচিনি ১টি, তেজপাতা ১টি

যেভাবে বানাবেন
প্রথমে সেমাইগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে। এবার প্যানে ঘি গরম করে প্রথমে কুঁচি করা বাদাম কিশমিশ ভেজে তুলে নিতে হবে। এরপর সেমাইগুলো ভেজে নিতে হবে এবং ভাজার সময় সেমাইগুলো আরও ভেঙে নিতে হবে। এরপর চিনি দিয়ে সেমাইয়ের সঙ্গে মিক্স করে নিতে হবে। কিছু সময় পরে নারিকেল দিয়ে অল্প কিছু সময় ভেজে গুঁড়া দুধ এবং বাদাম দিয়ে ৫ মিনিট ভেজে নামিয়ে নিতে হবে। এ সময় চাইলে ১ চামচ ঘি দিয়ে আবারও নেড়ে নিলেই তৈরি মজাদার ঝুরা লাচ্ছা সেমাই।
নারকেলি মিঠা টুকরা
যা যা লাগবে
সেমাই ১ প্যাকেট, কনডেন্সড মিল্ক ১টি, বাদাম কুঁচি যেকোনোটা (ইচ্ছামতো), নারিকেল কোড়া ১/৪ কাপ, ঘি ১/৪ কাপ

যেভাবে বানাবেন
প্যানে ঘি ঢেলে গরম করে এরপর সেমাইগুলো হালকা ভেজে নিতে হবে। এরপর বাদাম, নারিকেল কোড়া দিয়ে নেড়ে দিয়ে দিতে হবে কনডেন্সড মিল্ক। এবার কিছু সময় নেড়ে মিশ্রণটা আঠালো হয়ে এলে নামিয়ে একটা ট্রেতে ঢেলে ভালোভাবে বিছিয়ে নিতে হবে। এরপর পছন্দমতো শেপ করে কেটে নিতে হবে।
শির খুরমা
যেভাবে বানাবেন
ভার্মিচিলি সেমাই বা লাল সেমাই ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লিকুইড দুধ ১ লিটার, মিক্সড বাদাম পছন্দমতো, খুরমা ৪টি, কিশমিশ ১ টেবিল চামচ, জাফরান ১ চিমটি, কনডেন্সড মিল্ক ১/২ কাপ বা স্বাদমতো, লবণ সামান্য

যেভাবে বানাবেন
ঘি এ সেমাই ভেজে তুলে নিতে হবে। বাদাম, খেজুর, কিশমিশ ঘিতে ভেজে তুলে নিতে হবে। এবার দুধ জ্বাল করে নিতে হবে, যাতে কিছু স্বর জমে দুধের ভেতর। অ্যাড করে দিতে হবে জাফরান। এরপর সেমাই জ্বাল করে সিদ্ধ করে নিতে হবে। এরপর স্বাদমতো কনডেন্সড মিল্ক ও ভেজে রাখা বাদাম, কিশমিশ, খেজুর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
পাখির বাসা
ভার্মিচিলি বা লাল সেমাই ১ প্যাকেট, ঘি ১ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক, লিকুইড দুধ ১ লিটার, ছানা ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১/২ চামচ, বাদাম গুঁড়া প্রয়োজনমতো

যেভাবে বানাবেন
প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে সেমাই ভালো করে ভেজে গুঁড়া করে নিতে হবে। দিয়ে দিন ৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক। ভালোভাবে নেড়ে নিন। পাখির বাসা বানাতে ব্যবহার করুন কাপ কেক মোল্ড বা স্টিলের ছোট বাটি। সেমাই তৈরির আগে সবগুলো মোল্ডে ঘি ব্রাশ করে নিতে হবে। এবার রান্না করা সেমাই মোল্ডে বসিয়ে সেট হতে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টার জন্য।
রাবরি তৈরি
১ লিটার দুধ আগেই গরম করে ঠান্ডা করে তাতে স্বাদমতো কনডেন্সড মিল্ক, ছানা, কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পরই ঘন রাবরি তৈরি হয়ে যাবে। ২ ঘণ্টা পর মোল্ড থেকে সেমাইয়ের সেট হয়ে যাওয়া বাটিগুলো বের করে রাবরিগুলো ভরে সুন্দর করে সাজিয়ে নিন। ওপরে বাদাম কুঁচি দিয়ে নিজের টেস্ট অনুযায়ী সাজিয়ে নিন। পাখির বাসার শেইপে তৈরি এই সেমাই ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর পরিবেশন করুন।