প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৫:৫৯ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৬:০১ পিএম
গরমে ত্বকের যত্ন মডেল- শৈলী মাহবুব ছবি- প্লাবন আমিন
সারা বছর আবহাওয়ার তারতম্যে ত্বকের অবস্থা একেক সময় একেক রকম থাকে। গ্রীষ্মের এই সময়টাতে ত্বকের যত্ন নিতে হয় খানিকটা সাবধানতার সাথে। নইলে ত্বক ভালো রাখা কঠিন হয়ে পড়ে।
গ্রীষ্মকাল মানেই তৈলাক্ত ত্বকের দুর্ভোগের দিন। যাদের ত্বকে তেলের পরিমাণ বেশি, তাদের ত্বকে অন্যদের তুলনায় ব্রণের সমস্যাও বেশি হয়। গ্রীষ্মে গোটা মুখ ভরে যায় ব্রণে। তার উপর বাইরের চড়া রোদ, ঘাম, ধুলো জমে ব্রণর সঙ্গী হয় র্যাশ, লালচে দাগছোপ। কীভাবে ত্বকের যত্ন নিলে গরমেও ত্বক ভালো রাখা সম্ভব? চলুন জেনে নেয়া যাক।
গরমে যেভাবে ত্বকের যত্ন নিবেন
ক্লে মাস্কের ব্যবহার
ত্বকে যদি তেলের পরিমাণ বেড়ে যায় তবে নিয়ন্ত্রণ করা জরুরি। নইলে ব্রণ দেখা দিবে, অস্বস্তি বাড়বে। এই সমস্যা কমাতে ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন। ক্লে মাস্ক ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। সপ্তাহে এক বা দু’বার এই মাস্ক ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব কমবে, ওপেন পোরসের সমস্যাও কমবে।
পানি পান ও ফল খাওয়া
ত্বক যত আর্দ্র থাকবে তত ব্রণের সমস্যা কমবে। এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার করে পানি পান করা জরুরি। সেই সাথে রোজকার খাদ্যতালিকায় ফলও রাখতে হবে। শসা, তরমুজ, ডাবের পানি, দইয়ের ঘোল, লেবুর শরবত প্রতিদিনের ডায়েটে রাখুন।
ময়েশ্চারাইজারের ব্যবহার
অনেকে ভাবেন ত্বক তৈলাক্ত হলে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও হয়। অথচ এটা অনেক বড় একটা ভুল ধারণা। ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক আর্দ্র থাকবে না। এই আর্দ্রতার অভাবেই ত্বকে দেখা দিতে পারে ব্রণ।
নিয়মিত মুখ ধোয়া
ঋতু পরিবর্তনের সময়ই শুধু নয়, সারা বছর ত্বক ভালো রাখার জন্য দিনে অন্তত দুইবার মুখ ধোয়া প্রয়োজন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে। ফেইসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে নিন।
সানস্ক্রিনের ব্যবহার
রোদে বের হলে তাপ থেকে ত্বকের সুরক্ষার জন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নন-কমেডোজেনিক সানস্ক্রিনগুলো রোমকূপ বন্ধ না করে ত্বককে সুরক্ষা দেয়। গ্রীষ্মকালে জেল, ওয়াটার বেসড বা ম্যাট-ফিনিশ সানস্ক্রিন ব্যবহার করুন, কারণ এগুলি ত্বকের তৈলাক্ততা কমায় এবং ত্বকে আরাম দেয়।