× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে ঠান্ডা খাবার

সেতু বৈশ্য

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৪:১০ পিএম

গরমে ঠান্ডা খাবার

গরমে ঠান্ডা খাবার

এই গরমে তেলযুক্ত বা ভারী খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এই আবহাওয়ায় এমন খাবার বেছে নিতে হবে যা খেলে শরীর ঠান্ডা থাকে। আজকের হেঁশেলে রইলো এমনই কিছু খাবারের রেসিপি। 

ছোলার সালাদ

যা যা লাগবে 

ছোলা, শশা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, টকদই, লবণ, বিট লবণ, চাট মসলা, পুদিনা পাতা, লেবুর রস। 

যেভাবে বানাবেন

ছোলা সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে। শশা ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটোর ভেতরের অংশটুকু বাদ দিয়ে টুকরো করে নিতে হবে। পেঁয়াজ একই ভাবে কাটতে হবে। আর কাঁচামরিচ ঝাল অনুযায়ী নিতে হবে। আলাদা একটা বাটিতে টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর সঙ্গে একে একে লবণ, বিট লবণ, চাট মসলা, লেবুর রস, পুদিনা পাতা মিশাতে হবে। চাইলে অল্প করে চিনি দিতে পারেন। এবারে এই মিশ্রণের সঙ্গে সিদ্ধ করা ছোলা এবং শশা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ মিশিয়ে সার্ভ করতে হবে। গরমে এমন এক বাটি সালাদ পেট ভরাবে আবার সঙ্গে শরীরও ঠান্ডা রাখবে।

শশা চিংড়ি

যা যা লাগবে 

শশা, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া, তেল, আদা বাটা।

যেভাবে বানাবেন 

চিংড়ি মাছে হলুদ লবণ মেখে ভেজে তুলে রাখতে হবে। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। তাতে আদা বাটা, হলুদ, লবণ আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তাতে টুকরো করা শশা দিতে হবে। এর সঙ্গে বেশ কয়েকটা কাঁচা মরিচ দিতে হবে। শশা থেকে পানি বের হয়ে এগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে। এবারে পরিমাণ মতো পানি আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে নামাতে হবে। রান্নায় কেউ চাইলে শুকনো মরিচের গুড়া ব্যবহার করতে পারেন। তবে এই গরমে কাঁচা মরিচের তরকারি স্বাস্থ্যকর।

লাউ মুগের তরকারি

যা যা লাগবে 

লাউ, মুগডাল, কাঁচামরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া, আস্ত জিরা, তেজপাতা, আদা বাটা, তেল।

যেভাবে বানাবেন

মুগডাল প্রথমে তেল ছাড়া কড়াইয়ে ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। এবার কড়াইয়ে তেল দিয়ে গরম হলে আস্ত জিরা আর তেজপাতা ফোরণ দিতে হবে। গন্ধ ছড়ালে দিতে হবে আদা বাটা আর চেরা কাঁচামরিচ। একটু ভেজে নিয়ে ছোট টুকরো করে কেটে নেওয়া লাউ দিতে হবে। হলুদ আর লবণ দিয়ে ২-৪ মিনিট ভাজতে হবে। এরপর মিনিট ৫ ঢেকে রাখতে হবে। ভিজিয়ে রাখা ডাল লাউয়ের সঙ্গে মিশিয়ে রান্না করতে হবে আরও মিনিট ১০। এরপর আরও ২-৪টা কাঁচামরিচ আর জিরার গুঁড়া মিশিয়ে নিতে হবে। লাউয়ের পানি শুকিয়ে গিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিতে হবে।

তিতার ডাল

যা যা লাগবে 

করলা, মুগডাল, হলুদ, লবণ, কাঁচামরিচ, আস্ত জিরা, তেল।

যেভাবে বানাবেন

কাঁচা মুগডাল ভালো করে ধুয়ে হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে জিড়া ফোরণ দিয়ে পাতলা করে কেটে নেওয়া করলা দিতে হবে। অল্প আঁচে করলা ভেজে নিতে হবে পরিমাণমতো লবণ আর হলুদ দিয়ে। তবে খুব বেশি ভাজা ভাজা করে ফেলা যাবে না। বেশ একটু নরম নরম হয়ে এলে এর সঙ্গে সিদ্ধ করে রাখা ডাল মিশিয়ে দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে ডালে গরম পানি মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে জ্বাল দিয়ে নিলেই তিতার ডাল তৈরি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা