নাবিলা বুশরা
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৩:৫৯ পিএম
মাকেও সময় দেয়া জরুরি
মা শব্দটা ছোট হলেও এর গভীরতা সম্ভবত প্রতিটি সন্তানই জানে। ছোট থেকে বড় হওয়া, শিক্ষাজীবনের গণ্ডি পেরিয়ে চাকরিতে প্রবেশ করা, এরপর সংসারজীবন- সবখানেই মায়ের উপস্থিতি থাকলেও কীভাবে কীভাবে যেন তার সাথে সময় কাটানোটা কমতে থাকে। প্রতি বছর মা দিবস এলে তখন আমাদের মনে হয় মাকে কিছু উপহার দিই। অথচ মা আমাদের উপহারের জন্য কখনোই বসে থাকেন না, তারা চান আমাদের কাছ থেকে একটুখানি সময়। আমাদের ব্যস্ত জীবনে মাকে সময় দেওয়াটাই একসময় কঠিন হয়ে ওঠে, দূরত্ব বাড়তে থাকে। একসময় মা যখন ভীষণ একা হয়ে যায়, হারিয়ে যায় তখন আমরা বুঝি কী হারালাম। হয়তো মাকে আরেকটু সময় দিলে সে ভালো থাকত। সেই আক্ষেপ পরে না করে চলুন মায়ের জন্য এখনই সময় বের করি। কীভাবে ব্যস্ত জীবনের ফাঁকে মায়ের জন্য খানিকটা সময় বের করবেন চলুন জেনে নেওয়া যাক।
একসাথে বসে ফটো অ্যালবাম তৈরি করুন
যখন এত দামি ফোনের ক্যামেরা ছিল না, তখন ভরসা ছিল রিল ক্যামেরা। ছবি ওয়াশ করে সেগুলো সংগ্রহ করে অ্যালবাম বানিয়ে রাখা হতো। এখন ফোনে হাজার হাজার ছবি থাকলেও কেন যেন সেই পুরনো অ্যালবাম খুলে দেখতেই বেশি ভালো লাগে। একসাথে পারিবারিক সময়ও কাটানো যায়। মায়ের জন্য আলাদাভাবে সময় বের করতে না পারলে এ ধরনের কাজ করেও আনন্দময় মুহূর্ত তৈরি করা যায়। ফোন থেকে পছন্দের ছবি নিয়ে সেগুলো ওয়াশ করে নিন। মায়ের সাথে বসে অ্যালবাম বা ফটো বুক বানাতে পারেন। একসাথে সময়ও কাটবে, স্মৃতির রাস্তায় হেঁটেও আসা হবে। ফ্যামিলি স্ক্র্যাপবুকও তৈরি করতে পারেন এভাবে।

হাঁটতে নিয়ে যান
বয়স হওয়ার সাথে সাথে মায়েরা ধীরে ধীরে শরীরের শক্তি হারাতে থাকেন। অথচ এই বয়সে নিয়মিত হাঁটলে তাদের শরীর ভালো থাকবে। তাদের নিয়ে বাইরে হাঁটতে বের হোন। তারা কী ভাবছে, কী চায়, আশপাশে কী হচ্ছে এসব নিয়ে গল্প করুন। যদি মায়ের থেকে অনেক দূরে থাকেন, হাঁটাহাঁটি সম্ভব না হয়, তবে তাকে বলুন হাঁটতে গিয়ে যেন আপনাকে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে আপনি গল্প করলেন, মায়ের সাথেও থাকলেন। এতেও সুন্দর কিছু সময় কাটবে।
প্যাম্পার ডেতে নিতে পারেন
পৃথিবীতে কোন মানুষটা একটুখানি আরাম চায় না? বিশেষ করে সংসারের কাজের চাপে মায়েরা এত ব্যস্ত থাকেন নিজের যে একটু যত্ন নেওয়া প্রয়োজন সেটাও ভুলে যান। মাকে আলাদাভাবে সময় দেওয়ার জন্য বিশেষ কিছু করতে চাইলে তাকে বরং একদিনের জন্য সব কাজ থেকে ছুটি দিন। পার্লার বা সেলুনে নিয়ে যান প্যাম্পারিংয়ের জন্য। ফেসিয়াল, বডি ম্যাসাজ, হেয়ার কেয়ারসহ বেশ কয়েকটি সার্ভিস নিতে পারেন। এতে মা যেমন কাজ থেকে ফুরসত পাবে তেমনই তার জন্য দিনটা হয়ে উঠবে প্যাম্পারিং ডে।
একসাথে গাছ লাগান
ছাদবাগানে বা বারান্দায় গাছ লাগানো হয়ে উঠতে পারে দারুণ কিছু মুহূর্তের সাক্ষী। নিজ হাতে লাগানো গাছ থেকে সবজি বা ফল ছিঁড়ে খাওয়ার যে আনন্দ সেটা দুজনে মিলে ভাগ করে নিন।
একসাথে রান্না করুন
পারিবারিক যেকোনো ঐতিহ্য টিকিয়ে রাখতে পারা দারুণ ব্যাপার। সব মায়েরই এমন কিছু রেসিপি থাকে, যেটা তারা খুব ভালো রান্না করতে পারেন। মাকে মাঝে মাঝে বলুন এমন খাবার তৈরি করতে। একসাথে দুজনে মিলে রান্না করতে পারেন। এতে দারুণ কিছু সময় কাটবে, মায়ের সাথে দূরত্বও থাকবে না।
মাকে নিয়ে ঘুরতে যান
আমাদের বড় করতে করতে মায়েরা এক সময় ভুলেই যান যে তাদেরও বাইরে যেতে ইচ্ছা করে। অথচ বাইরে যাওয়ার সেই বয়স পার করে আসার পর তাদের আর বের হওয়া বের হয় না। সেই দায়িত্ব এখন আপনি নিয়ে নিন। মাকে নিয়ে বাইরে ঘুরতে যান। দেশের বাইরে সম্ভব না হলে, দেশের ভেতরে তার পছন্দের জায়গাগুলোতে নিয়ে যান। কোনো রেস্টুরেন্টেও খাওয়ার জন্য নিয়ে যেতে পারেন।
বাড়িতেও সময় কাটাতে পারেন
বাইরে না গিয়ে ঘরেও একসাথে সময় কাটাতে পারেন নিজেদের মতো করে। তার পছন্দের কোনো খেলা খেলতে পারেন, টিভি শো বা সিনেমা দেখতে পারেন। সন্ধ্যায় বানিয়ে নিতে পারেন মজার কোনো খাবার। মা যদি সেলাই করতে ভালোবাসে তাহলে একসাথে বসে সেলাই করতে পারেন নতুন কিছু।
অনলাইন বা অফলাইন ক্লাস করাতে পারেন
জীবন থেকে নানা ব্যস্ততা যখন কমে যায় তখন মা নিতান্তই একা হয়ে যায়। তাই মায়ের জন্য এমন কিছু ভাবুন যেটা সে করতে পছন্দ করবে, মানুষের মাঝে থাকবে, সময়ও ভালো কাটবে। এজন্য তাকে ভর্তি করিয়ে দিতে পারেন অনলাইন বা অফলাইন কোনো ক্লাসে। হতে পারে সেটা রান্নার কোনো কোর্স, ছবি আঁকানো বা সেলাই শেখার কোর্স। এক কথায় তার সাথে কথা বলে নতুন কিছু শিখতে তাকে উৎসাহিত করতে পারেন।
পুরনো জিনিস দিয়ে নতুন কিছু বানিয়ে ফেলুন
আমাদের সবার ঘরেই ব্যবহার না করা অনেক জিনিস থাকে। সেগুলো ফেলেও দেওয়া হয় না, আবার ঘরে থেকে জায়গা নষ্ট হয়। এমন কিছু থাকলে সেগুলো দিয়ে নতুন জিনিস বানিয়ে ফেলতে পারেন মায়ের সাথে বসে। বোতল দিয়ে ফুলদানি, টুকরো কাপড় দিয়ে ওয়ালম্যাট, শাড়ি কেটে পর্দা বানানো এমন ধরনের নতুন নতুন আইডিয়া বের করতে পারেন আর কাজে লাগাতে পারেন দারুণভাবে।