× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চল্লিশের পর নারীর স্বাস্থ্যপরীক্ষা

ডা. ঈশিতা বিশ্বাস

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৩:৪৬ পিএম

চল্লিশ বছর পার হওয়ার পর নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত

চল্লিশ বছর পার হওয়ার পর নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত

রাবেয়া খন্দকার সম্প্রতি ৪৬ বছরে পা দিয়েছেন। ছেলেমেয়ে, স্বামী নিয়ে সাজানো-গোছানো সংসার। খাওয়া-দাওয়া নিয়ে খুব একটা সমস্যা তার কখনও হয়নি, তবে ব্যায়াম বা হাঁটাহাঁটিতে বেশ অনীহা কাজ করত। ভাবতেন ভালোই তো আছেন, তেমন তো সমস্যা হচ্ছে না। কিছুদিন আগে থেকে খেয়াল করছেন তার অন্য সময়ের তুলনায় বেশি ঘাম হচ্ছে, মেজাজেরও বেশ পরিবর্তন হচ্ছে, কেমন যেন অস্থির অস্থির লাগে সব সময়। ডাক্তার দেখিয়ে জানতে পারলেন তার মেনোপজ শুরু হয়ে গেছে; যার কারণে শরীরে এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। 

চল্লিশ বছর বয়সের পর নারীর শরীরে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসে। যেমন- হরমোন, মেটাবলিজম, হাড়ের শক্তি, মানসিক স্বাস্থ্যে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ভয় পেয়ে যান এ ধরনের পরিবর্তন নিয়ে। অথচ বয়স বাড়লেও কোনো পরিবর্তন কখন ও কেন হচ্ছে, এগুলো জানা থাকলে সহজেই নিজের যত্ন নেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে- 

হরমোনাল পরিবর্তন 

৪০-এর পর অনেকেই পেরিমেনোপজ পর্যায়ে ঢোকেন। এ সময় মাসিক অনিয়মিত হতে পারে। দেখা দিতে পারে হট ফ্ল্যাশ, ঘাম হওয়া, মেজাজ পরিবর্তন, ওজন বৃদ্ধি, চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা। 

চিকিৎসা : মেনোপজ কোনো রোগ নয়, এটা শরীরের স্বাভাবিক পরিবর্তন। তবে উপসর্গ বেশি হলে চিকিৎসা বা ব্যবস্থাপনা দরকার হতে পারে। এক্ষেত্রে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা যেতে পারে। 

লাইফস্টাইল ম্যানেজমেন্ট (প্রথম ধাপ) 

  •  ঠান্ডা পরিবেশে থাকা (হট ফ্ল্যাশ কমাতে) 
  •  নিয়মিত ব্যায়াম (হাঁটা, যোগব্যায়াম) 
  •  পর্যাপ্ত ঘুম 
  •  স্ট্রেস কমানো (মেডিটেশন, রিলাক্সেশন) 
  • যদি হট ফ্ল্যাশ, মুড সুইং, উপসর্গের পরিমাণ বেশি হয়ে যায়, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে হরমোন থেরাপি নেওয়া যেতে পারে। তবে এই চিকিৎসা সবার জন্য নয়। এতে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কিছুটা বাড়তে পারে, ব্লাড ক্লট হতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
  • যৌনি শুষ্কতা বা অস্বস্তি হলে লোকাল ইস্ট্রোজেন ক্রিম, লুব্রিকেন্ট/ময়েশ্চারাইজার লাগাতে হবে। 
  • হাড়ের স্বাস্থ্য ভালো রাখা জরুরি। ইস্ট্রোজেন কমে গেলে হাড় দুর্বল হয়। ভাঙার ঝুঁকি বাড়ে। এ সমস্যা কমাতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি (দুধ, ডিম, মাছ) যুক্ত খাবার খেতে হবে, হালকা ব্যায়াম করতে হবে। 

বয়সের সঙ্গে সঙ্গে হার্টের সমস্যা বাড়ে, রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বাড়তে পারে। মেটাবলিজম ধীর হয়ে যায়, তাই সহজে ওজন বাড়ে। এসব সমস্যা দূর করার জন্য সুষম খাদ্যাভ্যাস তৈরি করতে হবে এবং পরিমাণমতো খেতে হবে। 

তেল, চর্বি, মিষ্টিজাতীয় খাবার কম খেতে হবে। ডায়েটে শাকসবজি, ফল, প্রোটিন (মাছ, ডাল, ডিম), কম লবণ খাবেন। পর্যাপ্ত পানি পান করবেন। 

নিয়মিত ব্লাড প্রেশার, সুগার, লিপিড প্রোফাইলসহ নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা জরুরি। 

নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার মধ্যে ম্যামোগ্রাম (ব্রেস্ট চেক) করতে হবে। 

ওজন ও মেটাবলিজম 

৪০ বছরের পর আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়, ফলে সহজেই ওজন বাড়ে। তাই এ সময়ে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। 

মানসিক স্বাস্থ্য : ৪০ বছরের পর নারীদের মানসিক স্বাস্থ্যে কিছু স্বাভাবিক পরিবর্তন দেখা যেতে পারে। যেমন- মুড সুইং, হরমোনাল ওঠানামার কারণে হঠাৎ ভালো লাগা, খারাপ লাগা হতে পারে। 

২. দুশ্চিন্তা ও উদ্বেগ : পরিবার, সন্তান, ক্যারিয়ার, ভবিষ্যৎÑ এসব নিয়ে চাপ বাড়তে পারে। কখনও কখনও অকারণে টেনশন বা অস্থিরতা অনুভূত হয়। 

৩. বিষণ্নতা দেখা দেয় 

৪. আত্মবিশ্বাস কমে যায় 

৫. ঘুমের সমস্যা হতে পারে 

কী করলে ভালো থাকা যায়

  •  নিজের জন্য সময় রাখুন। পছন্দের কাজ করুন (বই পড়া, গান শোনা, ঘোরাঘুরি, ভ্রমণ করা)। 
  •  ব্যায়াম ও মেডিটেশন করুন। 
  •  ঘুম ঠিক রাখুন। 
  • পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খান। 

যে পরীক্ষাগুলো করা প্রয়োজন 

  •  স্তন ও প্রজনন স্বাস্থ্য-ব্রেস্ট সেলফ এক্সাম করা উচিত। 
  •  নিয়মিত ম্যামোগ্রাফি-জরায়ু ও ডিম্বাশয়ের সমস্যার লক্ষণ খেয়াল রাখা 
  •  ডায়াবেটিস ও হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। নিয়মিত রক্তপরীক্ষা করা দরকার। 

কীভাবে সুস্থ থাকবেন 

  •  সুষম খাদ্য (সবজি, ফল, প্রোটিন) নিয়মিত পরিমিত পরিমাণে খেতে হবে। 
  •  প্রতিদিন ৩০ মিনিট হাঁটা, ব্যায়াম করা 
  •  ৭-৮ ঘণ্টা ঘুম অবশ্যই ঘুমাতে হবে 
  •  ধূমপান/অ্যালকোহল এড়িয়ে চলতে হবে 
  •  বছরে অন্তত একবার স্বাস্থ্যপরীক্ষা অবশ্যই করতে হবে। 


লেখক : সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন‍্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালট্যান্ট : আজগর আলী হাসপাতাল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা