ব্যবসায়িক কেস প্রতিযোগিতা
আসমাউল হুসনা
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১১:২৭ এএম
চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘টিম ডিফল্টার্স’
উদ্ভাবন, কৌশল আর সাহসী ভাবনার এক উজ্জ্বল সম্মিলন ঘটল ঢাকার পাঁচ তারকা হোটেলে। নর্থ সাউথ ইউনিভার্সিটির এমআইবিসি ক্লাব আয়োজিত আন্তর্জাতিক মানের ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘স্মার্ট টেকনোলজিস প্রেজেন্টস ইনোভেড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে রূপ নেয় তরুণ উদ্ভাবকদের মেধা, বিশ্লেষণ আর সৃজনশীলতার এক প্রাণবন্ত মঞ্চে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ৮০৩টি দলের প্রতিযোগিতাটি ছিল বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং। দুই থেকে চার সদস্যের প্রতিটি দলকে পেরোতে হয়েছে কয়েকটি কঠিন ধাপ। দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর মাত্র ছয়টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। সেখানে তারা তুলে ধরে বাস্তবভিত্তিক সমস্যার জন্য অভিনব সমাধান, কৌশলগত বিশ্লেষণ এবং প্রেজেন্টেশনের দক্ষতা- যা মুগ্ধ করে বিচারক ও দর্শক উভয়কেই।
বিজয়ের মুকুট বিইউপির
তীব্র প্রতিদ্বন্দ্বিতার শেষে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘টিম ডিফল্টার্স’। তাদের কৌশলগত চিন্তা, ডেটাভিত্তিক বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধান বিচারকদের নজর কাড়ে। তবে আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটিও গর্বের অংশীদার। প্রথম রানারআপ ‘টিম আর্কটিক উলভস’ এবং দ্বিতীয় রানারআপ ‘টিম এসপ্রেসো’Ñ দুটিই এনএসইউর দল, যা বিশ্ববিদ্যালয়টির প্রতিযোগিতামূলক দক্ষতারই প্রতিফলন।
মেধার স্বীকৃতিতে অভিজ্ঞ বিচারক
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন শিল্প খাতের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বÑ এসএম আরিফুজ্জামান, মিরাজুল আলম এবং শাহ মো. জুনায়েদ। তাদের অভিজ্ঞ মূল্যায়ন ও কঠোর বিচার প্রক্রিয়াই নির্ধারণ করে সেরাদের নাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সবার অংশগ্রহণ আয়োজনটিকে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ করে তোলে।
তরুণদের জন্য প্রেরণার মঞ্চ
‘ইনোভেড ২০২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়Ñ এটি ছিল ভবিষ্যতের উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের জন্য একটি অনন্য প্লাটফর্ম। এখানে তরুণরা শিখেছে সমস্যা বিশ্লেষণ, দলগত কাজ এবং বাস্তবসম্মত সমাধান তৈরির কৌশলÑ যা তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পর্দার আড়ালের গল্প
ঝলমলে আয়োজনের আলোর পেছনে থাকে কিছু নীরব হাত, যাদের পরিশ্রমেই দাঁড়িয়ে থাকে পুরো সাফল্যের কাঠামো। ‘ইনোভেড ২০২৬’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এনএসইউ এমআইবিসি NSU MIBC Club-এর নিবেদিতপ্রাণ সদস্যদের নিরলস প্রচেষ্টা এই আয়োজনকে এনে দিয়েছে পরিপূর্ণতা। ফ্যাকাল্টি অ্যাডভাইজর আফ্রিদা মাশনুনের দিকনির্দেশনা ও সুসংগঠিত পরিকল্পনা ছিল পুরো আয়োজনের মেরুদণ্ড। তার সঙ্গে সমন্বয় রেখে এক্সিকিউটিভ বডির সদস্যরা ধাপে ধাপে গড়ে তুলেছেন একটি আন্তর্জাতিক মানের প্লাটফর্ম। ক্লাবের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট তানভীর আনজুম রাকিন, সাধারণ সম্পাদক ইসা বিন মাহমুদ মাহি এবং ট্রেজারার সৃজন বণিক। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট লামিয়া বিনতে ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি এসএম রাফসান মাশরুর, সৈয়দা সানিহা জারিন এবং সৈয়দ ইউসুফ তেহামিÑ প্রত্যেকে নিজেদের দায়িত্বে ছিলেন সমানভাবে সক্রিয় ও নিবেদিত। দিনের পর দিন পরিকল্পনা, সমন্বয় আর পরিশ্রমের যে অদৃশ্য গল্প, সেটিই শেষ পর্যন্ত দৃশ্যমান সাফল্যে রূপ নিয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ‘ইনোভেড ২০২৬’ শুধু একটি আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছে সৃজনশীলতা, নেতৃত্ব এবং দলগত শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্তÑ যা ক্লাবের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।