প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১০:১৬ এএম
মাকালু জয় করলেন বাবর আলী ছবি: ভার্টিক্যাল ড্রিমার্স
আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিজের সাফল্যের মুকুটে আরেকটি উজ্জ্বল পালক যুক্ত করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতের মধ্যে তিনি এখন পর্যন্ত পাঁচটি জয় করে দেশের জন্য গৌরবময় এক মাইলফলক স্পর্শ করেছেন।
শনিবার (বাংলাদেশ সময়) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি আরোহন করেন বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু (৮,৪৮৫ মিটার)। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম শৃঙ্গে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল পদার্পণ হিসেবে ইতিহাসে জায়গা করে নিল।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ নামের এই অভিযানের আয়োজন করে ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চার–এর স্বত্বাধিকারী মোহন লামসাল–এর বরাতে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছেন।
‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ নামে পরিচিত এই কঠিন শৃঙ্গ জয়ের লক্ষ্যে বাবর আলী গত ৭ এপ্রিল দেশ ত্যাগ করেন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি উড়ে যান টুমলিংটার অঞ্চলে। সেখান থেকে সড়কপথে পৌঁছান সেদুয়া গ্রামে, আর এরপর শুরু হয় দীর্ঘ ট্রেকিং—পায়ে হেঁটে ১৮ এপ্রিল পৌঁছান উচ্চতর বেজক্যাম্পে। সেখান থেকেই শুরু হয় চূড়ান্ত লড়াই, যার সফল পরিণতি আসে আজকের এই ঐতিহাসিক ভোরে।
উচ্চতার সঙ্গে শরীর মানিয়ে নিতে ২১ এপ্রিল ক্যাম্প-১ এবং পরদিন ক্যাম্প-২-এ অবস্থান করেন তিনি। প্রায় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করে পরে নেমে আসেন বেজক্যাম্পে। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল আবারো উঠে ক্যাম্প-২-এ একদিন কাটিয়ে পরদিন নেমে আসেন। এরপর শুরু হয় অনুকূল আবহাওয়ার অপেক্ষা।
৩০ এপ্রিল আবহাওয়া অনুকূলে এলে আবার অভিযানে নামেন বাবর। সেদিনই পৌঁছে যান ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ, পরদিন ওঠেন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ। সেখান থেকে রাতেই শুরু করেন চূড়ান্ত আরোহন। টানা ১ হাজার ১০০ মিটারেরও বেশি বিপজ্জনক খাড়া পথ পেরিয়ে ভোরে পৌঁছান শিখরে।
অভিযান-ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর আজ ক্যাম্প-২-এ এবং আগামীকাল ৩ মে বেসক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
২০১৪ সালে পর্বতারোহণে যাত্রা শুরু করেন বাবর আলী। চট্টগ্রামের ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক তিনি। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেন।