আশরাফুননেছা মেবিন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৩:২৩ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬ ১৩:২৪ পিএম
অল্প তেলে রান্না করা খাবার
গরমের এই সময়ে ভাজাপোড়া বা বেশি তেলে রান্না করা খাবার খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। অল্প তেলে রান্না করা খাবার শরীরের জন্য উপকারী, তাই সুস্থ থাকতে এ ধরনের খাবার বেছে নেওয়া উত্তম। আজকের হেঁশেলে রইল অল্প তেলে রান্না করা কয়েকটি খাবারের রেসিপি
প্যান গ্রিল্ড চিকেন
যা যা লাগবে
মুরগির ব্রেস্ট পিস বা থাই/লেগপিস ১ কেজি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, মরিচ-ধনিয়া গুঁড়া ও জিরা ভাজা গুঁড়া ১ টেবিল চামচ করে, সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ও কাবাব মসলা ১ টেবিল চামচ করে, অলিভ অয়েল বা সরিষার তেল ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, টক দই ১/৪ কাপ, লেবুর রস/ ভিনেগার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, অলিভ অয়েল ১ টেবিল চামচ

যেভাবে বানাবেন
টক দইয়ের সঙ্গে সমস্ত মসলা ও সরিষার তেল ভালো করে মিশিয়ে নিন। মুরগি ধুয়ে টুকরো করে ছুরি দিয়ে দাগ কেটে দিন। এতে সহজে মসলা ঢুকবে। এবার মুরগির মাংসের গায়ে ভালো করে মসলা মাখান। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। ননস্টিক প্যানে তেল গরম হলে মুরগির টুকরোগুলো দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ভাজুন। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ দিন। মাঝে মাঝে মাংসের গায়ে তেল ও মসলা ব্রাশ করে দিন। দুই পাশ ভালো করে ভাজা হলে মাংস নামিয়ে একটি পাত্রে রাখুন। এবার লুচি, পরোটা, নান রুটির সঙ্গে সস দিয়ে পরিবেশন করুন মজাদার গ্রিল চিকেন।
স্টির ফ্রাইড ভেজিটেবল উইথ সসেজ
যা যা লাগবে
স্প্রিং ওনিয়ন বা পেঁয়াজের কলি ১/২ কাপ, ক্যাপসিকাম টুকরো ১/২ কাপ, বরবটি টুকরো ১ কাপ, ফুলকপি ও সসেজ ছোট করে টুকরো ১ কাপ করে, বাটার/তেল ১/২ টেবিল চামচ, রসুন কুঁচি ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ চা-চামচ, চিলি সস ১ চা-চামচ, চিলি ফ্লেইক্স ১/২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো

যেভাবে বানাবেন
পানিতে পরিমাণমতো লবণ দিয়ে ফুলকপি ও বরবটি ৮০ শতাংশ সিদ্ধ করে নিন ও পানি ছেঁকে ঠান্ডা করে নিন। ক্যাপসিকাম ও পেঁয়াজ কলি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবারে কড়াইতে বাটার/তেল গরম করে সসেজগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই প্যানে বাকি বাটার গরম করে এতে রসুন কুঁচি দিয়ে অল্প ভাজুন। এরপর এতে ক্যাপসিকাম ও পেঁয়াজের কলি দিয়ে কিছু সময় ফ্রাই করুন। এবারে বাকি সবজি দিয়ে হাই হিটে কিছু সময় নেড়েচেড়ে রান্না করুন। তার পর একে একে সস, গোল মরিচ গুঁড়া ও চিলি ফ্লেইক্স ছড়িয়ে আরও একটু নেড়ে নামিয়ে নিন।
পোচড ডিমের কারি
যা যা লাগবে
ডিম ৪-৫টি, পেঁয়াজ কুঁচি আধা কাপ, টমেটো কুঁচি আধা কাপ, ক্যাপসিকাম ছোট করে কাটা আধা কাপ, রসুন কুঁচি ২ টেবিল চামচ, গোটা জিরা আধা চা-চামচ, শুকনো মরিচ গুঁড়ো আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫/৬ ফালি করা, স্বাদমতো লবণ, ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ, তেল ১ চা-চামচ

যেভাবে বানাবেন
প্রথমে কড়াইতে তেল গরম করে রসুন কুঁচি দিন। হালকা বাদামি হলে এতে আস্ত জিরের ফোঁড়ন দিন। এবারে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিন ক্যাপসিকাম কুঁচি। কিছুক্ষণ ভাজার পর এতে টমেটো পেস্ট, হলুদ ও মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে নিন। তারপর গোলমরিচ গুঁড়া দিয়ে মসলা ভালো করে কষান। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করার পর টমেটোর মাঝখানে গর্ত করে প্রতিটি গর্তে খুব সাবধানে একটি করে ডিম ভেঙে দিন যেন কুসুম না ভেঙে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ডিম সেদ্ধ হলে এর ওপর সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিন। ওপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।