আনজীর লিটন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৫০ পিএম
অংলকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি
কাক হয়েছে চিফ এডিটর
দোয়েল রিপোর্টার
শালিক লিখে গ্রামের খবর
চড়ুই শহরটার।
ঝড়-বৃষ্টি রোদের খবর
ঘুঘু জোগাড় করে
চিল-পেঁচারা ফিচার লিখে
পত্রিকা দেয় ভরে।
ময়না লিখে বিনোদনে
কে কে শোনায় গান
ফিঙে লিখে বন-পরিবেশ
কার কী অবদান।
মাছরাঙা উড়ে উড়ে
নদীর খবর আনে
মাঝির খবর মাছের খবর
বক রিপোর্টার জানে।
বুলবুলি দেয় কৃষি খবর
লিখছে অবিরত
মুনিয়া দেয় দেশ-বিদেশের
খেলার খবর যত।
সত্য খবর ছাপে বলে
জনপ্রিয় বেশ
ভোর না হতেই পত্রিকাটার
বিক্রিবেচা শেষ।
টিয়ে সাজায় সাহিত্যেরই
সাপ্তাহিকী পাতা
পত্রিকাটা দেখলে তোমার
ঘুরে যাবে মাথা।
পাখিদের এই পত্রিকাতে
মজার বিষয় এই
যুদ্ধ-গুলি-দুর্ঘটনা
খুনের খবর নেই।
যা আছে সব শান্তি-শান্তি
বন্ধুত্বের গান
আট পৃষ্ঠার পত্রিকাতে
আছে সুখের প্রাণ।