প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১২:৫৩ পিএম
পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। এই অভিযাত্রা সামনে রেখে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিম্নির হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে (শনিবার) নেপালে পৌঁছেছেন নুরুন্নাহার নিম্নি। ৫০ দিনব্যাপী দুঃসাহসিক অভিযানে তিনি এভারেস্টের প্রতিকূল পরিবেশ জয় করে চূড়ায় আরোহণের চেষ্টা করবেন। এভারেস্ট জয়ের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, এটি দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ছিল না; বরং ধীরে ধীরে পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই এই স্বপ্নের জন্ম। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অধ্যয়নকালে সীতাকুণ্ডে ফিল্ডওয়ার্কে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার অভিজ্ঞতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এরপর থেকেই পাহাড়ের প্রতি তার বিশেষ আকর্ষণ তৈরি হয়।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় জীবনে বান্দরবানের পাহাড়ে বেশি সময় কাটিয়েছেন। পরবর্তীকালে ভুটান, ভারতের সিকিম ও নেপালের পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা তাকে আরও উচ্চতায় যাওয়ার অনুপ্রেরণা দেয়। ২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্প সফরের পর তিনি পর্বতারোহণে আরও গুরুত্ব দেন। পরের বছর এভারেস্ট বেজক্যাম্প ট্রেক করার অভিজ্ঞতা তাকে এ বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছি। একই সময়ে পর্বতারোহণে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছি এবং ওই বছরই বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে যুক্ত হই। এরপর নিয়মিত বিভিন্ন অভিযানে অংশ নিয়ে গত বছর ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল শৃঙ্গ জয় করি।
নুরুন্নাহার নিম্নি বলেন, এবার আমার লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা।