জাহিদ খান
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৫:০৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ১৫:১৮ পিএম
টুর্নামেন্টে ‘লিগ অব লিজেন্ডস’-এ অ্যাসেন্ডেনস চ্যাম্পিয়ন হয়
বাংলাদেশের প্রতিযোগিতামূলক গেমিং জগতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে ইউনেট ই-স্পোর্টস অ্যারেনা ইনভাইটেশনালস-২০২৬। গত শুক্রবার ঢাকার স্মার্ট জাহির টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত জমকালো অফলাইন গ্র্যান্ড ফিনালের মাধ্যমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। ‘কমিউনিটির জন্য, কমিউনিটির দ্বারা’ এই দর্শনে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক-ইউনেট আয়োজিত এই ইভেন্টের লক্ষ্য ছিল একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় ই-স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলা।
টুর্নামেন্টে ‘লিগ অব লিজেন্ডস’-এ অ্যাসেন্ডেনস চ্যাম্পিয়ন হয়, আর ‘কাউন্টার স্ট্রাইক ২’-এ রেড বাইপারজ দাপটের সঙ্গে শিরোপা জয় করে। মোবাইল গেম বিভাগে সিএমএফ ই-স্পোর্টস জয় করে ‘অনার অব কিংস’-এর শিরোপা এবং ‘কল অব ডিউটি’-এ ইরাডিকেশন অর্জন করে চূড়ান্ত বিজয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গুলশান ওয়ানের চার্টার প্রেসিডেন্ট খালেদ ফয়সাল চৌধুরী এবং বাইডেসার সাধারণ সম্পাদক আগা রাফসান, যারা টুর্নামেন্টের পেশাদার আয়োজনের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সম্পর্কে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক-ইউনেট-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রতিভা, প্রযুক্তি এবং করপোরেট স্টেকহোল্ডারদের মধ্যে সংযোগ স্থাপন করে একটি স্বয়ংসম্পূর্ণ ই-স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য। সহপ্রতিষ্ঠাতা ও সিওও মাহির আশেফ যোগ করেন, বাংলাদেশে ই-স্পোর্টসের বিকাশের জন্য শুধু টুর্নামেন্ট নয়, বরং মেন্টরশিপ, অবকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
এয়ারটেল, কোর্সেয়ার, এলগাটো, পাওয়ারপ্যাক, জাদুপিসি, বাস ইন্টারনেটের সহযোগিতায় এবং বিভিন্ন কমিউনিটি পার্টনারদের অংশগ্রহণে আয়োজিত এই ইভেন্টটি একটি বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, যেখানে রেফারি, কাস্টার এবং আয়োজকদের সম্মাননা জানানো হয়, যারা এই প্যাশন প্রজেক্টকে একটি পেশাদার মানের স্পোর্টিং ইভেন্টে রূপ দিয়েছেন।