হায়াত মাহমুদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৫:০৩ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬ ১৫:২৬ পিএম
প্রযুক্তি সবসময় মানুষের জীবনকে সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু পেছনের ইতিহাস বলছে, প্রযুক্তি শুধু মানুষের জীবনকে সহজ করে না, এটি আমাদের জীবনযাত্রার মান, চিন্তার ধরন, এমনকি বাস্তব জীবনের অনুভূতিও বদলে দিতে পারে। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে আগামী পাঁচ বছরের প্রযুক্তিগত অগ্রগতি পৃথিবীতে একেবারে নতুন রূপ দিতে পারে।
Artificial intelligence, Bio-integrated devices, immersive display এবং advanced computing এই চারটির সমন্বয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তির ইকো সিস্টেম। আজ আমরা কথা বলব এমন পাঁচটি প্রযুক্তি নিয়ে যেগুলো আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে।
হিউম্যান-AI ইন্টারফেস : মস্তিষ্ক ও মেশিনের সেতুবন্ধন
মানুষের চিন্তা একটি মেশিন সরাসরি বুঝতে পারে এমন ঘটনা এক সময় শুধু আমরা সায়েন্স ফিকশন মুভিগুলোতেই দেখেছি। কিন্তু এখন এটি বাস্তবের দোরগোড়ায়। হিউম্যান-AI ইন্টারফেস, বা Brain-Computer Interface (BCI), এমন একটি প্রযুক্তি যা মস্তিষ্কের নিউরাল সিগন্যাল সংগ্রহ করে কম্পিউটার AI সিস্টেমে পাঠায় যা এআই সিস্টেমের বোঝার জন্য সহজ করে তোলে।
বর্তমানে Neuralink এর মতো প্রতিষ্ঠান এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে। এই প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানো। বিশেষ করে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সহায়তা করা। কিন্তু এখন এটি আরও বড় পরিসরের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে হয়তো আপনি শুধু ভাববেন, আর আপনার ডিভাইস সেই অনুযায়ী কাজ করবে। ইতোমধ্যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পক্ষাঘাতগ্রস্ত মানুষ শুধু মস্তিষ্কের সংকেত ব্যবহার করে স্ক্রিনে কার্সর সরাতে বা টাইপ করতে পারছেন এই প্রযুক্তির মাধ্যমে। আগামী পাঁচ বছরে এটি শুধু চিকিৎসা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি, এমনকি অফিসের কাজেও এর ব্যবহার দেখা যেতে পারে।
স্মার্ট কন্ট্যাক্ট লেন্স : চোখের মধ্যেই ডিজিটাল জগৎ
স্মার্টফোন আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিন্তু প্রযুক্তি সব সময় আরও স্মার্ট হতে চায়। তাই এর পরবর্তী ধাপ হলো screenless computing, যেখানে সরাসরি কোনো দৃশ্যমান স্ক্রিন থাকবে না। কীভাবে? এখানেই আসছে স্মার্ট কন্টাক্ট লেন্স। এটি এমন এক প্রযুক্তি, যা দেখতে সাধারণ লেন্সের মতো হলেও এর ভেতরে থাকবে ক্ষুদ্র সেন্সর, ডিসপ্লে এবং কানেক্টিভিটি।Mojo Vision ইতোমধ্যে এমন একটি লেন্স তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ক্ষুদ্র microLED ডিসপ্লে। এটি সরাসরি চোখের সামনে ডেটা দেখাতে পারে, যেমনÑ দিকনির্দেশনা, মেসেজ, এমনকি লাইভ ডেটা।এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ ‘hands-free’ এবং প্রায় অদৃশ্য। ইউজার বুঝতেই পারবেন না যে তিনি একটি ডিভাইস ব্যবহার করছেন।স্বাস্থ্যসেবায় এর সম্ভাবনা আরও বেশি। গবেষণায় দেখা গেছে, স্মার্ট লেন্সের মাধ্যমে চোখের পানি বিশ্লেষণ করে গ্লুকোজ লেভেল মাপা সম্ভব হতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি বড় অগ্রগতি।এ ছাড়া augmented reality (AR)-এর মাধ্যমে বাস্তব জগতের ওপর ডিজিটাল তথ্য overlay করা যাবে, যা ভবিষ্যতের navigation, education এবং communication সিস্টেমকে পুরোপুরি বদলে দেবে।
হোলোগ্রাম ডিসপ্লে : স্ক্রিন যখন হাতের মুঠোয়
ধরুন আপনি বাংলাদেশে বসে লন্ডনে থাকা একজনের সঙ্গে ভিডিওকলে কথা বলছেন, কিন্তু সে স্ক্রিনের মাঝে না, আপনার সামনেই দাঁড়িয়ে আছে, তখন কথা বলার অভিজ্ঞতা কেমন হবে? একদম অন্যরকম তাই না? সেইদিন বোধহয় আর বেশি দূরে নেই। হোলোগ্রাম ডিসপ্লে প্রযুক্তি সেই দিকেই এগোচ্ছে। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো স্ক্রিন ছাড়াই বাতাসে ত্রিমাত্রিক (3D) ইমেজ দেখা যায়।
শিক্ষা, চিকিৎসা এবং ডিজাইন, সবখানেই এর ব্যবহার বিপ্লবী পরিবর্তন আনতে পারে। একজন ডাক্তার দূর থেকে রোগীর অপারেশন গাইড করতে পারবেন, একজন শিক্ষক 3D মডেলের মাধ্যমে জটিল বিষয় বোঝাতে পারবেন। এর সম্ভাবনার কোনো শেষ নেই। Microsoft-এর HoloLens বা Looking Glass Factory-এর মতো প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কোয়ান্টাম কম্পিউটিং : কম্পিউটার জগতের নতুন দিগন্ত
আমরা বর্তমানে যে কম্পিউটার ব্যবহার করি, তা বাইনারি সিস্টেমে কাজ করে, ০ এবং ১-এর ওপর ভিত্তি করে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং সেই ধারণাকেই ভেঙে দিচ্ছে। এখানে ব্যবহৃত হয় কিউবিট, যা একসঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে।ফলাফল? এমন কিছু সমস্যা, যা সমাধান করতে আজকের সুপারকম্পিউটারের হাজার বছর লাগবে, তা কোয়ান্টাম কম্পিউটার কয়েক মিনিটেই সমাধান করতে পারবে।ওষুধ আবিষ্কার, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ, জটিল আর্থিক মডেলিং, এসব ক্ষেত্রে এটি নতুন দিগন্ত খুলে দেবে। IBM এবং Google Quantum AI ইতোমধ্যে এই প্রযুক্তিতে বেশ এগিয়ে গিয়েছে।
অটোনোমাস AI এজেন্ট : ডিজিটাল কর্মীর সূচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু নির্দেশ পালন করার মাঝে সীমাবদ্ধ নেই বরং এটি ধীরে ধীরে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করছে। আগামী পাঁচ বছরে আমরা দেখতে পারি ‘Autonomous AI Agents’, যারা শুধু একটি কাজ নয়, বরং একটি সম্পূর্ণ প্রক্রিয়া নিজে পরিচালনা করতে পারবে। ধরুন, আপনি একটি ব্যবসা শুরু করতে চান। একটি AI এজেন্ট বাজার বিশ্লেষণ করবে, পণ্য নির্বাচন করবে, মার্কেটিং চালাবে এবং কাস্টমার সার্ভিস পরিচালনা করবে, সবকিছু নিজে থেকেই। অর্থাৎ একটি ‘digital workforce’ তৈরি হবে।
এটি কর্মক্ষেত্রে এক বিপ্লব আনতে পারে। অনেক কাজ অটোমেটিক হয়ে যাবে, নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হবে। একই সঙ্গে এটি ব্যক্তিগত জীবনে একটি শক্তিশালী সহকারী হিসেবে কাজ করতে পারে, যে আপনার সময়, কাজ এবং সিদ্ধান্তকে আরও সহজ করে দেবে। OpenAI এবং Stanford University-এর গবেষণা অনুযায়ী, AI এখন ধীরে ধীরে autonomous behaviour-এর দিকে এগোচ্ছে, যেখানে এটি নিজে পরিকল্পনা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ সম্পন্ন করতে পারে।
যেসব ঝুঁকি রয়েছে
প্রযুক্তির সুবিধার সঙ্গে আছে বেশকিছু ঝুঁকি। যেমন
১। হিউম্যান-AI ইন্টারফেস : মানুষের মস্তিষ্কের ডেটা সরাসরি প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ায় ব্যক্তিগত চিন্তা, স্মৃতি ও অনুভূতির গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে; পাশাপাশি হ্যাকিং বা অননুমোদিত অ্যাক্সেসের আশঙ্কাও থেকে যায়।
২। স্মার্ট কন্ট্যাক্ট লেন্স : এই লেন্সগুলো ব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রম ও বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করতে পারে, যা ডেটা ট্র্যাকিং, নজরদারি এবং সাইবার আক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
৩। হোলোগ্রাম ডিসপ্লে : বাস্তব ও ভার্চুয়াল অভিজ্ঞতার সীমা অস্পষ্ট হয়ে যাওয়ায় ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর দৃশ্য তৈরি করা সহজ হতে পারে, যা সামাজিকভাবে ভুল ধারণা ছড়াতে পারে।
৪। কোয়ান্টাম কম্পিউটিং : এই প্রযুক্তি বর্তমানের শক্তিশালী এনক্রিপশন সিস্টেম ভেঙে ফেলতে সক্ষম হতে পারে, ফলে ব্যাংকিং, যোগাযোগ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে।
৫। অটোনোমাস AI এজেন্ট : AI নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করায় ভুল বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের দায় নির্ধারণ কঠিন হয়ে পড়বে; একই সঙ্গে অনেক পেশায় কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।