ফারিয়া লাফি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৩:২৭ পিএম
বৈশাখী ভোজ
বৈশাখ মানেই বাংলা খাবার। সহজ বাংলা খাবার রান্না করতেও অনেকে মাঝে মাঝে হিমশিম খেয়ে যান। সহজ কয়েকটি বৈশাখী খাবারের রেসিপি রইলো আজকের হেঁশেলে।
ভাপা ইলিশ
যা যা লাগবে
ইলিশ মাছ ৭ থেকে ৮ পিস, সাদা ও কালো সরিষা ৩ টেবিল চামচ করে, কাঁচা মরিচ বাটা ৭/৮টি, কাঁচা মরিচ ফালি ৩/৪টি, পোস্ত বাটা ১ টেবিল চামচ, কালোজিরা ১ চা-চামচ, হলুদ ১ চা-চামচ, শুকনো মরিচ গুঁড়া ১/৪ চামচ, সরিষা তেল ১/৪ কাপ, লবণ পরিমাণমতো

যেভাবে বানাবেন
২ ধরনের সরিষা, পোস্ত, কাঁচা মরিচ বেটে অথবা খুব ভালো করে ব্লেন্ড করে নিন। বাটা মসলা, হলুদ, অল্প শুকনো মরিচ গুঁড়া, লবণ হাতে মেখে আবারও সরিষা তেল দিয়ে মেখে তাতে ইলিশ মাছগুলো দিয়ে ৩০ মিনিট রেখে দিন। একটা বড় হাঁড়িতে পানি বসিয়ে দিন। মাছগুলো ভাপে বসানোর জন্য ঢাকনাসহ বাটি নিয়ে এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দিন। সরিষা তেল হালকা গরম করে কালোজিরা দিয়ে ভেজে কিছু কাঁচা মরিচ ফালি দিন। বাটি ঢাকা দিয়ে গরম পানি দিন। ভাপ দেওয়ার জন্য পানি এমন পরিমাণ হবে, যাতে বাটির ২/৩ অংশ ডুবে থাকে। এবার হাঁড়ির ঢাকনাও দিন। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিন। ২০ মিনিট পর তেল ওপরে ভেসে উঠবে এবং মাছও সিদ্ধ হয়ে যাবে। পোলাও, ভাত বা খিচুড়ির সঙ্গে এটি পরিবেশন করতে পারেন।
মুগ পাকন পিঠা
যা যা লাগবে
মুগডাল ১/২ কাপ, ময়দা/চালের গুঁড়া ১ কাপ, নরমাল দুধ ১ কাপ, পানি ২ কাপ, নারিকেল ১/৩ কাপ, তেল বা ঘি ১ টেবিল চামচ
সিরার জন্য
চিনি ১ কাপ, পানি পৌনে ২ কাপ, এলাচ ২টি, ঘি ১ চামচ, লেবুর রস ১ চা-চামচ

যেভাবে বানাবেন
প্রথমে মুগডাল অল্প আঁচে সোনালি করে ভেজে ঠান্ডা করে ভালো করে ধুয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। ২ কাপ পানি এবং ১ কাপ দুধ দিয়ে ডাল খুব ভালো করে সিদ্ধ করে পেস্ট করে নিন। গরম ডালে চালের গুঁড়া এবং নারিকেল কোড়া ঢেলে চুলার আঁচ কমিয়ে হাঁড়িটা ঢেকে রাখুন ১০ মিনিট। এরপর ঢাকনা খুলে কাঠের চামচ দিয়ে খুব ভালো করে ডাল ও চালের আটা মিক্স করে একটা নরম ডো বানাতে হবে। ডো হয়ে গেলে একটা প্লেটে ঢেলে গরম অবস্থায় ডো করে নিতে হবে।
সিরা তৈরি
সিরার জন্য পরিমাণমতো পানি এবং চিনি চুলায় দিয়ে একটা পাতলা সিরা তৈরি করে নিতে হবে। সিরা তৈরি হলে একটু লেবুর রস চিপে দেবেন যাতে সিরাটা বেশি ঘন না হয়ে যায়।
পিঠা তৈরি
হাতে অল্প তেল বা ঘি নিয়ে অল্প অল্প করে ডো হাতে নিয়ে নিতে হবে। যেকোনো ছাঁচ বা হাতে নকশি করার জন্য টুথপিক বা খেজুর কাটা বা মোটা সুই এবং টিনের ঢাকনা দিয়ে সুন্দর করে হাতে কেটে ডিজাইন করা যাবে। ডিজাইন করা পিঠাগুলো মিডিয়াম গরম তেলে অল্প আঁচে লাল করে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে; যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে কুসুম গরম সিরায় ডুবিয়ে রাখতে হবে ৩ থেকে ৪ ঘণ্টা বা সারা রাত।
পুর ভরা কাঁকরোল
যা যা লাগবে
কাঁকরোল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, নারিকেল ১/৪ কাপ, সরিষা বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি ৫/৬টি, চিকেন/ ডিম/ চিংড়ি যেকোনো ১টি বা সবগুলো, ধনিয়া কুঁচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম্ব পরিমাণমতো, লবণ পরিমাণমতো

যেভাবে বানাবেন
কাঁকরোলগুলোকে ছুরি দিয়ে হালকা কেঁচে পানিতে সিদ্ধ করে নিতে হবে। বোটা ফেলে চামচ দিয়ে কাঁকরোলের ভেতরের নরম অংশ বের করে নিতে হবে। কাঁকরোলের ভেতরের নরম অংশ, নারিকেল, সরিষা, কাঁচা মরিচ একসঙ্গে পেস্ট করে নিতে হবে। তেলে পেঁয়াজ ভেজে ডিম, মুরগি বা চিংড়ি কুঁচি দিয়ে ভেজে নিতে হবে। পুরগুলো কাঁকরোলের মোটা অংশের মধ্যে চামচ দিয়ে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশ ভালো করে বিট করে কাঁকরোল চুবিয়ে নিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ৩০ মিনিট ফ্রিজে রেখে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি মজাদার পুর ভরা কাঁকরোল।