তাসিয়া মোসাহিদ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৪:৪৭ পিএম
বাচ্চাদের খাওয়ানো অনেক সময়ই বাবা-মায়ের জন্য ছোটখাটো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নাশতার সময় যদি খাবারটা দেখতে সাধারণ হয়, তাহলে অনেক বাচ্চাই খেতে চায় না। তাই দরকার এমন কিছু নাশতা, যা হবে সুস্বাদু, দেখতে আকর্ষণীয়, কিন্তু পুষ্টিতে ভরপুর। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এমন কিছু মজার নাশতা বাচ্চাদের খাওয়ার আগ্রহ অনেক বাড়িয়ে দিতে পারে। আজ থাকছে বাচ্চাদের জন্য ৪ রকমের মজার, সহজ আর ইউনিক নাশতার রেসিপি। এগুলো শুধু খেতেই মজা নয়, বরং দেখতে সুন্দর হওয়ায় বাচ্চারাও আগ্রহ নিয়ে খাবে।
ডিম-আলুর মাফিন
যা যা লাগবে
ডিম ২টা, সিদ্ধ আলু ১টা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লবণ, সামান্য চিজ।

যেভাবে বানাবেন
সব উপাদানগুলো ম্যাশ করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মোল্ডে বাটার ব্রাশ করে অল্প অল্প করে এই মিশ্রণ দিয়ে দিবেন। এবার একটা সসপ্যানে পানি নিয়ে তাতে একটি র্যাক দিয়ে এর ওপর মোল্ডগুলো বসিয়ে পানির তাপে বেইক করে নিতে হবে। অথবা ওভেন বা এয়ার ফ্রায়ারেও সিলিকন মোল্ডে বেক করতেও পারেন।
সুজি-সবজির প্যানকেক
যা যা লাগবে
সুজি ১ কাপ, টক দই ১/২ কাপ, গাজর কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ১টি ডিম, লবণ স্বাদমতো, প্রয়োজনমতো পানি, ভাজার জন্য অল্প তেল।

যেভাবে বানাবেন
সুজি, টক দই ও সামান্য পানি মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর এতে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লবণ এবং ডিম মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। একটি ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো ছড়িয়ে দিন। দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।
ব্রেড এগ পিৎজা বাইটস
যা যা লাগবে
পাউরুটি ৪ টুকরা, ডিম ২টি, সসেজ ২টি পাতলা করে স্লাইস করা, টমেটো কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, চিজ পরিমাণমতো, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ সামান্য, অল্প তেল বা বাটার।

যেভাবে বানাবেন
পাউরুটির ওপর পাতলা করে টমেটো সস মেখে নিন। অন্য একটি পাত্রে ডিম, টমেটো, ক্যাপসিকাম, লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। এই মিশ্রণ পাউরুটির ওপর ছড়িয়ে তার ওপর সসেজ ও চিজ দিয়ে দিন। তারপর ফ্রাইপ্যানে ঢেকে অল্প আঁচে রান্না করুন অথবা ওভেনে বেক করুন। এয়ার ফ্রায়ারেও এটি চমৎকারভাবে তৈরি করা যায়।
চকলেট-ওটস মুন কেক
যা যা লাগবে
পাকা কলা ২টি, ওটস কুকি ২০টি, ডার্ক চকোলেট ৬০ গ্রাম, চকলেট চিপস, গার্নিসের জন্য পেস্তা বাদাম, ২ কাপ দুধ, কোকো পাউডার।

যেভাবে বানাবেন
প্রথমে ওটস কুকিগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে। একটা পাত্রে ২ কাপ দুধ, পাকা কলা ম্যাশ করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, এতে কোকো পাউডার মিশিয়ে জ্বাল দিতে হবে। এটা ফুটে উঠলে এতে দিতে হবে ২ টেবিল চামচ বাটার, একটু মধু আর ডার্ক চকোলেট। মিশ্রণটা ভালোভাবে জ্বাল দিতে হবে। বারবার নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় পাত্রের নিচে। মিশ্রণটি জ্বাল হয়ে গেলে ওটসের বাটিতে ঢেলে মিশিয়ে নিতে হবে, তারপর কেকের মোল্ডে দিয়ে সেট করে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে হবে। মোল্ড হিসেবে আপনি যেকোনো শেইপের বাটি ব্যবহার করতে পারেন, চাইলে একটা বড় গোল বাটিতে সাইডে একটি ছোট গোল বাটি বসিয়ে অর্ধচন্দ্রাকার মোল্ড নিজে বানিয়ে নিতে পারেন। রুম টেম্পারেচারে চলে এলে এটাকে ফ্রিজে ২ ঘণ্টা রেখে দিন যাতে সুন্দর করে সেট হয়ে যায়। ২ ঘণ্টা পর বের করে ওপরে চকলেট সিরাপ বা গলানো চকলেট দিয়ে, তারপরে বাদাম বা চকলেট চিপস দিয়ে গার্নিশ করে দিতে পারেন। বা চাইলে কালারফুল স্প্রিংকেল দিয়ে দিতে পারেন। এই কেক বানাতে যেমন বেকিংয়ের ঝামেলা নেই, তেমনই সুগার ব্যবহার করা হয়নি ও ওটস কুকির ফাইবারের কারণে এটা বেশ স্বাস্থ্যকর একটি কেক।