রাজা আহমেদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১২:১৯ পিএম
নিজের বাসার ওয়াইফাই মাঝেমধ্যে সমস্যা তো করছেই। অনেক চেষ্টা করেও ঠিকমতো মুভি বা ইউটিউব কনটেন্ট দেখতে পারছেন না। আবার কনটেন্ট প্লে করলে শুধু ঘুরছেই। বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন মিটিং, বিনোদনÑ সবকিছুই এখন অনেকটা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। তাই বাড়ির ইন্টারনেট হঠাৎ ধীরগতির হয়ে গেলে বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে তা বেশ বিরক্তিকর হয়ে ওঠে। তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করলে অনেক সময় বাড়ির ইন্টারনেট সমস্যার সমাধান নিজেই করা সম্ভব।
প্রথমেই রাউটারটি রিস্টার্ট করা যেতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ রাউটার চালু থাকার কারণে নেটওয়ার্কে সাময়িক ত্রুটি দেখা দেয়। এই সমস্যা দূর করতে রাউটারের পাওয়ার বন্ধ করে ত্রিশ থেকে ষাট সেকেন্ড অপেক্ষা করুন এবং পরে আবার চালু করুন। এতে অনেক সময় ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক হয়ে যায়। দ্বিতীয়ত ধাপে রাউটারের সঙ্গে সংযুক্ত তারগুলো ঠিকভাবে লাগানো আছে কি না তা পরীক্ষা করা জরুরি। অনেক সময় ল্যান তার বা ফাইবার কেবল ঢিলা হয়ে গেলে ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দেয়। তাই রাউটারের পেছনের তারগুলো ভালোভাবে লাগানো আছে কি না তা নিশ্চিত করা প্রয়োজন।
এর পর রাউটারের অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি রাউটার ঘরের এক কোণে বা অনেক বাধার মধ্যে রাখা হয়, তবে ওয়াইফাই সিগন্যাল দুর্বল হতে পারে। চেষ্টা করুন রাউটারটি ঘরের মাঝামাঝি জায়গায় বা এমন স্থানে রাখতে যেখানে সিগন্যাল সহজে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। দেয়াল, ধাতব জিনিস বা বড় আসবাবপত্র সিগন্যাল দুর্বল করতে পারে।
তবে একটি বিষয় মনে রাখতে হবে একসঙ্গে অনেক ডিভাইস একই ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। যেমনÑ মোবাইল ফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি যদি একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করে, তবে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া অন্য ডিভাইসগুলো সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখা ভালো। মাঝে মাঝে মোবাইল ফোন বা কম্পিউটার রিস্টার্ট করাও উপকারী হতে পারে। ডিভাইসের অস্থায়ী সফটওয়্যার সমস্যার কারণে অনেক সময় ইন্টারনেট ঠিকভাবে কাজ করে না। রিস্টার্ট করলে এই ধরনের ছোটখাটো সমস্যা দূর হতে পারে।
এ ছাড়া রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট আছে কি না তা পরীক্ষা করা উচিত। নতুন আপডেট অনেক সময় নেটওয়ার্কের কর্মক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ত্রুটি ঠিক করে। তাই প্রয়োজন হলে রাউটারের সেটিংস থেকে আপডেট করে নেওয়া যেতে পারে।
যদি ওপরোক্ত কোনো পদ্ধতিতে সমস্যার সমাধান না হয়, তাহলে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা উচিত। অনেক সময় লাইনের বাইরে বা সার্ভারের সমস্যার কারণে সংযোগে বিঘ্ন ঘটে, যা কেবল সেবা প্রদানকারীই ঠিক করতে পারে।
সুতরাং বাড়ির ইন্টারনেট সমস্যায় ঘাবড়ে না গিয়ে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করলেই অনেক ক্ষেত্রে দ্রুত সমাধান পাওয়া যায়। সচেতনভাবে রাউটার ব্যবহার ও নিয়মিত পরীক্ষা করলে ইন্টারনেট সংযোগ আরও স্থিতিশীল ও দ্রুত রাখা সম্ভব।