× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

হাসান রাকিব

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১২:১৪ পিএম

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

বর্তমান সময়ে পড়াশোনা, অফিস কিংবা বিনোদনÑ সবক্ষেত্রেই আইপ্যাড আমাদের অনেকেরই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হাতের এই প্রিয় যন্ত্রটি যখন হুটহাট ঝামেলা শুরু করে, তখন বিরক্তির শেষ থাকে না। গুরুত্বপূর্ণ কাজের মাঝে হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়া কিংবা দ্রুত চার্জ শেষ হওয়ার মতো সমস্যায় অনেকেই পড়েন। তবে ভয় পাওয়ার কিছু নেই; অধিকাংশ ক্ষেত্রেই আইপ্যাডের এসব সমস্যা ঘরে বসেই সমাধান করা সম্ভব আপনার দ্বারাই। আজ চলুন জেনে নেওয়া যাক আইপ্যাডের সাধারণ কয়েকটি সমস্যা এবং সেগুলোর কারণ ও প্রতিকার।

দ্রুত ব্যাটারি শেষ হওয়া

আইপ্যাড ব্যবহারকারীদের অন্যতম প্রধান অভিযোগ হলো ব্যাটারি বেশিক্ষণ না থাকা। পর্দার অতিরিক্ত ব্রাইটনেস, ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ সচল থাকা কিংবা ব্যাটারির আয়ু (Battery Health) কমে যাওয়া এর মূল কারণ। এই সমস্যার সমাধানে সেটিংসে গিয়ে দেখুন কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ (Consume) করছে। অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করে দিন। এ ছাড়া ব্রাইটনেস কমিয়ে রাখা এবং লো পাওয়ার মোড ব্যবহার করলে ব্যাটারি সাশ্রয় হবে। স্ক্রিন যদি হঠাৎ ‘ফ্রিজ’ হয়ে যায় কাজ করতে করতে অনেক সময় আইপ্যাডের স্ক্রিন একদম আটকে যায় (Freeze), কোনো টাচ কাজ করে না। র‍্যামের ওপর অতিরিক্ত চাপ পড়লে বা কোনো সফটওয়্যার ক্র্যাশ করলে এমনটি হয়। সমাধান ফোর্স রিস্টার্ট অর্থাৎ ডিভাইস বন্ধ করে আবার চালু করা। আপনার আইপ্যাডে যদি হোম বাটন থাকে, তবে পাওয়ার বাটন এবং হোম বাটন একসঙ্গে চেপে ধরে রাখুন যতক্ষণ না অ্যাপল লোগো দেখা যায়। আর হোম বাটন না থাকলে ভলিউম আপ এবং ডাউন বাটন দ্রুত একবার করে চেপে পাওয়ার বাটন ধরে রাখুন। আপনার ডিভাইস ফোর্স রিস্টার্ট হবে।

ওয়াই-ফাই সংযুক্ত কিন্তু ইন্টারনেট নেই

অনেক সময় দেখা যায় আইপ্যাডে ওয়াই-ফাই সিগন্যাল পূর্ণ দেখাচ্ছে, অথচ ব্রাউজার বা ইউটিউব চলছে না। এটি সাধারণত আইপি অ্যাড্রেস বা ডিএনএস (DNS) সংক্রান্ত জটিলতার কারণে হয়। এটি ঠিক করার জন্য প্রথমে ওয়াই-ফাই বন্ধ করে আবার চালু করুন। কাজ না হলে সেটিংসে গিয়ে ওই নেটওয়ার্কটি ফরগেট করে পুনরায় পাসওয়ার্ড দিয়ে যুক্ত হোন। সবশেষে ‘সেটিংস’ থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনটি ব্যবহার করে দেখতে পারেন।

চার্জ না হওয়া বা ধীরে চার্জ হওয়া

চার্জার লাগানোর পরও যদি দেখেন চার্জ হচ্ছে না, তবে সেটি বেশ দুশ্চিন্তার বিষয়। চার্জিং পোর্টে ধুলোবালি জমা হওয়া, নষ্ট ক্যাবল কিংবা মানহীন অ্যাডাপ্টার ব্যবহার এর মূল কারণ।

সমাধান হলো একটি সরু কাঠি বা ব্রাশ দিয়ে চার্জিং পোর্টের ভেতরটা আলতো করে পরিষ্কার করুন। অনেক সময় পকেটের লিন্ট বা ধুলো চার্জিং পিনকে স্পর্শ করতে বাধা দেয়। এ ছাড়া সব সময় অ্যাপল সার্টিফাইড বা এমএফআই (MFi) ক্যাবল ব্যবহারের চেষ্টা করুন।

কোনো অ্যাপ বারবার বন্ধ (Force Close) হওয়া

একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন, এমন সময় হঠাৎ অ্যাপটি বন্ধ হয়ে গেলÑ এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। অ্যাপটি আইপ্যাডের বর্তমান ওএস (iOS) সংস্করণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে বা স্টোরেজ একদম পূর্ণ হয়ে গেলে এমনটি হয়। এই ঝামেলায় পড়তে না চাইলে অ্যাপ স্টোরে গিয়ে নিয়মিত অ্যাপগুলো আপডেট করুন।

আইপ্যাডের স্টোরেজ অন্তত ২০ শতাংশ খালি রাখার চেষ্টা করুন। সমস্যা না মিটলে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করুন। আইপ্যাডকে সুস্থ রাখতে নিয়মিত আইপ্যাড ওএস (iPadOS) আপডেট দেওয়া এবং সপ্তাহে অন্তত একবার ডিভাইস রিস্টার্ট করা ভালো। এতে সফটওয়্যারজনিত ছোটখাটো ত্রুটিগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। মনে রাখবেন, আইপ্যাডের হার্ডওয়্যার খুবই উচ্চ মানের। আর এর সফটওয়্যারজনিত সমস্যার প্রায় সবই ইউজার নিজেই ঠিক করতে পারবেন একটু মাথা খাটালেই। ভালো থাকুক আপনার শখের আইপ্যাড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা