লাবিবা ইরম
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১২:২২ পিএম
রোজা প্রায় শেষ, ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদ। এই ঈদের নানা আয়োজনের মাঝে আনন্দের একটা অনুষঙ্গ হলো মেহেদি দেওয়া। ছোট থেকে বড় সব নারীদের মাঝেই মেহেদি দেওয়ার শখ নতুন কিছু নয়। আগে শুধু নিজ বাসায় বা পাড়ার মাঝে পরিচিতদের দ্বারা মেহেদি দেওয়ার চল থাকলেও বর্তমানে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট, হেনা ফেস্টিভ্যাল ইত্যাদির মাধ্যমে আরও বড় করে আয়োজন করে মেহেদি দেওয়া হয়। তবে এত শখ করে মেহেদি দিয়ে পরে যদি সেটার রঙ গাঢ় না হয় তাহলে মন খারাপ তো হবেই! তাই আজকে আমরা জানাব কিছু টিপস আর ট্রিকস যেন ঈদের মেহেদির রঙ গাঢ় ও সুন্দর হয়।
সঠিক মেহেদি বেছে নিন
মেহেদির রঙ গাঢ় হওয়ার চেয়েও বেশি প্রয়োজনীয় সঠিক মেহেদি বেছে নেওয়া। আগেকার দিনে গাছের পাতা ছিঁড়ে বেটে নেওয়া হতো একদম প্রাকৃতিক মেহেদি। তবে এখন দিন বদলেছে, এসেছে ইন্সট্যান্ট কোণ, অর্গানিক কোণ মেহেদি। তবে বাজারের নিম্নমানের ইন্সট্যান্ট কোণ মেহেদিগুলো ব্যবহার না করাই ভালো। কারণ এগুলোতে অনেক সময় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়; যা স্কিনের অনেক বেশি ক্ষতি করে। অর্গানিক মেহেদিগুলো এক্ষেত্রে বেশ নিরাপদ। এগুলো সাধারণত মেহেদি পাতার গুঁড়ো, সঙ্গে এসেনসিয়াল অয়েল ইত্যাদি দিয়ে বানানো হয়। তাই রঙ একটু দেরিতে এলেও এগুলোতে ক্ষতির সম্ভাবনা কম থাকে। তা ছাড়া নিজেরাও বেটে বা ব্লেন্ড করে, কোণ তৈরি করে বাসায় বানিয়ে নিতে পারেন।
হাত ভালোভাবে পরিষ্কার করে নিন
মেহেদি দেওয়ার আগে হাতে কোনো, ক্রিম, ময়েশ্চারাইজার ইত্যাদি দেওয়া থাকলে তা ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলোর জন্য অনেক সময় মেহেদি আর ত্বকের মাঝে একটি লেয়ার তৈরি হয়, ফলে মেহেদি ভালোভাবে বসে না। এতে রঙ ভালো হয় না। মেহেদি দেওয়ার আগে সম্ভব হলে একবার মেনিকিউর অথবা স্ক্রাবিং করে নিলে ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে মেহেদি দেওয়ার সময় হাত থাকবে মসৃণ।
মেহেদি বেশি সময় ধরে হাতে রাখুন
মেহেদির পুরোপুরি গাঢ় রঙ পেতে বেশি সময় ধরে হাতে রাখুন। শুকিয়ে গেলেই তুলে ফেলবেন না। মেহেদির উপরের স্তর তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে। ত্বক যেন মেহেদির পুরো রসটি টেনে নিতে পারে তাই পুরোপুরি না শুকানো পর্যন্ত ওঠানো যাবে না। এক্ষেত্রে খুব ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে দিয়ে এরপর শুকিয়ে আসলে ঘুমিয়ে যাওয়া, যেন সারা রাত এটি হাতেই থাকে। বর্তমানে হেনা টেপ পাওয়া যায়। মেহেদি শুকানোর পর এটি দিয়ে পেঁচিয়ে রাখলে মেহেদি ঝরে পরে না। ফলে হাতে অনেকটা সময় হাতে থাকে। এ ছাড়া নরম তুলতুলে সুতি কাপড়, ব্যান্ডেজ এসব পেঁচিয়েও রাখতে পারেন।
ব্যবহার করুন লেবু চিনির মিশ্রণ
মেহেদির রঙ গাঢ় করার আরেকটি দারুণ প্রাকৃতিক উপায় হলো লেবু ও চিনির মিশ্রণ ব্যবহার করা। একটি লেবু নিয়ে তার রস বের করে, তার সঙ্গে চিনি মিশিয়ে ভালোভাবে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এরপর তুলো দিয়ে মিশ্রণে ভিজিয়ে আলতো করে মেহেদির ওপর লাগিয়ে দিতে হবে। এতে মেহেদি দীর্ঘ সময় হাতে থাকে, ঝরে পড়ে না। ফলে রঙ ভালো হয়।
রঙ গাঢ় করতে ক্লোভ হিট
তাপ মেহেদির রঙ গাঢ় করতে সাহায্য করে। আর এক্ষেত্রে বেশ কার্যকরী একটা উপায় হলো ক্লোভ বা লবঙ্গের হিট। একটি শুকনো প্যানে কয়েকটি লবঙ্গ দিয়ে সেটিকে গরম করুন। গরম হয়ে এলে প্যানের ওপরে আস্তে আস্তে হাত সেঁকে নিন। তবে খেয়াল রাখতে হবে হাত যেন পুড়ে না যায়।
পানি এড়িয়ে চলুন
মেহেদি তুলে ফেলার সময় অনেকে পানি ব্যবহার করেন যেটা একদমই ভুল। পানি মেহেদির রঙ হালকা করে দেয়। মেহেদি তুলে ফেলার পরও হাতে অন্তত ৮-১০ ঘণ্টা পানি না লাগানোই ভালো।
সরিষা বা নারকেল তেল ব্যবহার করুন
মেহেদি তোলার ক্ষেত্রে বেশি খোঁচাখুঁচি না করাই ভালো। এতে ত্বকে আঘাত পাওয়ারও সম্ভাবনা থাকে। তাই সরিষার তেল বা নারকেল তেল ব্যবহার করে তুলে ফেলাই ভালো। এতে হাত যেমন আর্দ্র থাকে, মেহেদিও উঠে যায় সহজে। তা ছাড়া তেলের স্তর হাতের ওপর পানি ও অন্যান্য ময়লা থেকে হাতের ত্বককে রক্ষা করে ফলে মেহেদির রঙ গাঢ় হতে সাহায্য করে।
মেহেদির সঙ্গে প্রাকৃতিক কিছু উপাদান যোগ করা
অনেক সময় মেহেদির পেস্টের সঙ্গে চা পাতা, কফি বা লেবুর রস মেশানো হয়। বিশেষত চায়ের লিকার বা কফিতে মেহেদির রঙ গাঢ় আসে।
সঠিক যত্ন নিলে মেহেদির ডিজাইন যেমন সুন্দর দেখায়, তেমনই তার রঙও দীর্ঘ সময় ধরে হাতে থাকে। তাই উৎসবের সাজে মেহেদি লাগানোর সময় এসব ছোট ছোট টিপস মনে রাখলে আপনার হাতের মেহেদি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।