সাদিয়া ইয়াসমিন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ১৩:৫২ পিএম
ঈদের দিন টেবিলজুড়ে মিষ্টি খাবারের প্রতি থাকে আলাদা আকর্ষণ। পরিবারের ছোট থেকে বড় সবারই আগ্রহ থাকে এই খাবারে। আজকের হেঁশেলে মজাদার কয়েকটি মিষ্টি খাবারের রেসিপি জানিয়েছেন সাদিয়া ইয়াসমিন
ক্ষিরসা সেমাই
যা যা লাগবে
সেমাই ১ কাপ, তরল দুধ ৬ কাপ (১.৫ কেজি), চিনি ১/২ কাপ (হালকা মিষ্টির জন্য), এলাচ ৫/৬ টা, দারচিনি ২ টুকরো, তেল/ঘি ১ টেবিল চামচ, বাদাম, কিশমিশ পছন্দমতো।

যেভাবে বানাবেন
প্রথমে সেমাই ঘি বা তেলে ভেজে নিন লালচে করে। এবার একটি পাত্রে তরল দুধ জ্বাল করুন হালকা আঁচে। চুলার তাপ হালকা হলে সর পড়বে, সেটা সাইডে সরিয়ে রাখুন। জ্বাল করে ৬ কাপ দুধ ৫ কাপ করে নিন। পরবর্তীতে দুধের সর ঘন দুধে নেড়ে মিশিয়ে দিন। এবার ঘন দুধের মধ্যে আস্ত এলাচ, দারচিনি টুকরো এবং চিনি মিশিয়ে নিন। এর পর ভাজা সেমাই দিয়ে একদম অল্প আঁচে জ্বাল করুন। ৩-৪ বার বলক দিলে চুলা বন্ধ করে ঢেকে রাখব তাতেই সেমাই সিদ্ধ হয়ে যাবে। সেমাই ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হবে। এবার সার্ভিং ডিশে ঢেলে তাতে নিজের পছন্দমতো কুচানো বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন।
মিল্কি ক্যারামেল কেক
যা যা লাগবে
ভ্যানিলা কেক, মালাই/ ঘন দুধ ২ কাপ, ক্যারামেল সস ১/২ কাপ, হুইপ ক্রিম ১/২ কাপ।
কেক তৈরতে যা লাগবেÑ
ময়দা ১ কাপ, ডিম ৩টা, চিনি ১/২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ, লবণ সামান্য।
ক্যারামেল সস তৈরিতে যা লাগবেÑ
সাদা চিনি ১/২ কাপ, বাটার ২ টেবিল চামচ, হুইপ ক্রিম ১/৪ কাপ।
মালাই/ ঘন দুধ : ২ কাপ তরল দুধ, ১/৪ কাপ কনডেন্সড মিল্ক মিলিয়ে জ্বাল দিয়ে ঘন করে নামালেই তৈরি।

যেভাবে বানাবেন
একটি বাটিতে ডিমের সাদা অংশ বিট করে নিন। চিনি দিয়ে ফোম না হওয়া পর্যন্ত বিট করুন। এবার ভ্যানিলা এসেন্স, তেল এবং ডিমের কুসুম দিয়ে বিট করে নিন। শুকনো সব উপকরণ একসাথে চেলে আলতো হাতে ডিমের ব্যাটারে মিশিয়ে নিন। ফ্লাট চারকোনা ওভেন প্রুফ কাচের পাত্রে ঢেলে ওভেনে (১৬০°-৩০ মিনিট) বেক করে নিন। বেক হয়ে গেলে ঠান্ডা হতে দিন। চুলায় প্যান বসিয়ে তাতে ১/২ কাপ সাদা চিনি দিন, সাথে অল্প পানি দিয়ে অল্প আঁচে ক্যারামেল তৈরি করে নিন। হয়ে এলে তাতে বাটার ও হুইপ ক্রিম দিয়ে অনবরত নাড়তে থাকুন। ভালোভাবে মিশে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। কেকটি হালকাভাবে ডিমোল্ড করে ফ্লাট পাত্রে রাখতে হবে। এবার কেকের ওপরে ঠান্ডা মালাই ঢালতে হবে পুরোটা। তার ওপর বিট করা ক্রিম দিয়ে সেট হলে, ঠান্ডা ক্যারামেল সস দিয়ে দিতে হবে। এবার হুইপ ক্রিম দিয়ে ওপরে একটু ডেকোরেশন করলেই রেডি।
ফ্রুটস ট্রাইফল
যা যা লাগবে
পাউন্ড কেক ১টা (টুকরো করে কাটতে হবে), কাস্টার্ড ২ কাপ, জেলি ১ কাপ, ফ্রুটস ৩ কাপ (কলা, আপেল, স্ট্রবেরি, আঙুর), হুইপ ক্রিম ১/২ কাপ (বিট করে নিন)।
কাস্টার্ড তৈরির জন্য যা লাগবেÑ
কাস্টার্ড পাউডার ২.৫ টেবিল চামচ, তরল দুধ ২ কাপ,
চিনি ৫ টেবিল চামচ।
জেলি তৈরিতে লাগবেÑ
পানি ১.৫ কাপ, আগার আগার পাউডার ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ (স্বাদমতো), পছন্দের কালার ২ ড্রপ।

যেভাবে বানাবেন
তরল দুধে চিনি ও কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে চুলায় দিতে হবে। মাঝারি আঁচে ঘন করে রান্না করে নামিয়ে ঠান্ডা করতে হবে। পানি, চিনি এবং আগার আগার পাউডার ভালো ভাবে মিশিয়ে চুলায় একটা বলক দিতে হবে। পাউডার মিশে গেলে নামিয়ে কালার মিশিয়ে একটি ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে ১০ মিনিট ফ্রিজে রাখতে হবে। জেলি সেট হলে পছন্দমতো আকারে কেটে নিতে হবে। কাচের পাত্রে,অল্প টুকরো করা কেক বিছিয়ে নিন। এবার কেটে রাখা ফ্রুটস ১ কাপ পরিমাণ এবং ঠান্ডা কাস্টার্ড পরিমিত দিন কেক এর ওপর। এরপর হুইপ ক্রিম, তার ওপর জেলি টুকরো দিয়ে দিন। এভাবে লেয়ারে লেয়ারে (৩টি লেয়ারে) সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অসম্ভব মজার হয় এই ডেজার্টটি খেতে।
চকলেট কেক পুডিং
যা যা লাগবে
পুডিং তৈরির জন্য যা লাগবেÑ
তরল দুধ ১ কাপ, চিনি ১/৪ কাপ, ডিম ২টা, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১/২ টেবিল চামচ।
কেক তৈরিতে যা লাগবেÑ
ময়দা ১/২ কাপ, ডিম ২টা, চিনি ১/৪ কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১/২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন
৪ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে পুডিং পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে। ডিম বাদে তরল দুধসহ সকল উপকরণ একটা বলক দিয়ে নামিয়ে কুসুম গরম অবস্থায় ডিম ফেটিয়ে দিতে হবে। এবার চালনিতে ছেঁকে ক্যারামেল পাত্রে ঢালতে হবে। একটি বাটিতে ২টা ডিমের সাদা অংশ বিট করে নিন। চিনি দিয়ে ফোম না হওয়া পর্যন্ত বিট করুন। এবার ভ্যানিলা এসেন্স, তেল এবং কুসুম দিয়ে বিট করে নিন। শুকনো সব উপকরণ একসাথে চেলে আলতো হাতে ডিমের ব্যাটারে মিশিয়ে নিন। সব শেষে ক্যারামেল পাত্রে ঢেলে রাখা পুডিংয়ের তরল অংশের ওপর কেকের ব্যাটার ধীরে ধীরে ঢালতে হবে। এবার ওভেনে (১৮০°- ৪০ মিনিট) বেক করতে হবে। এ ছাড়া গ্যাসের চুলাতেও পুডিং তৈরির মতো করে বেক করতে পারেন হালকা জ্বালে ৪০ মিনিট। একদম ঠান্ডা হলে হালকা হাতে ডি মোল্ড করে পরিবেশন করতে হবে।