আবদুল হামিদ মাহবুব
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ১১:১১ এএম
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
গিয়েছিলাম চিড়িয়াখানায়
ঢুকেই পেলাম বানরগুলো দুরন্ত
বানর জ্বালায় একই খাঁচার
হনুমানরা অবিরামই ঘুরন্ত!
হাতি আছে দুইটা মোটে
রোগা-সোগা একটা কোণে দাঁড়িয়ে
সিংহ খাঁচার কাছে যেতেই
তেড়ে এসে দিলো আমায় তাড়িয়ে।
উটপাখি মোটাসোটা
উটের মতো হেলেদুলে হাঁটছিল
ঘোড়া দেখি জেব্রা দেখি
ওইখানটায় বড় একটা মাঠ ছিল।
খরগোশ আর কচ্ছপ তো
পাশাপাশি দুই খাঁচাতেই আছে
তাদের ‘দৌড়’ গল্প ওটা
ছোট থেকেই প্রিয় সবার কাছে।
বাঘ মামাকে দেখবো বলে
হেঁটে হেঁটে গেলাম মামার কাছে
মামা তখন ঘুমে কাতর
চেয়ে দেখার সময় কি তার আছে?
হতাশ হয়ে এগিয়ে আরো
অনেকগুলো চিত্রা হরিণ দেখি
একটা হরিণ কাছে এসে
অশ্রু ফেলে কান্না করে, এ-কি!
বুঝতে পারি চিড়িয়াখানার
এইতো জীবন ভাল্লাগেনা তাদের
মুক্তভাবে চলা ফেরার
সেইতো জীবন ভীষণ রকম সাধের।
বনবাদাড়ে থাকবে ওরা
মুক্ত স্বাধীন সেটাই হবে ঠিক ঠিক
চিড়িয়াখানায় বদ্ধ করে
প্রাণী রাখা নয়তো এটা মানবিক।