কাজী নওশীন লায়লা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪ পিএম
সেহরিতে স্বাস্থ্যকর খাবার খেলে সারা দিন রোজা রাখলেও সহজে ক্লান্তি ভর করে না। আজকের হেঁশেলে কয়েকটি স্বাস্থ্যকর রেসিপি সম্পর্কে জানিয়েছেন কাজী নওশীন লায়লা
ওটস খিচুড়ি
যা যা লাগবে : ওটস ১ কাপ, মুগ বা মসুর ডাল ১/৪ কাপ (হালকা ভাজা), পেঁয়াজ কুঁচি ১টি (মাঝারি), আদা ও রসুন বাটা/কুঁচি ১ চা-চামচ করে, টমেটো কুঁচি ১টি (ছোট), সবজি (গাজর, ফুলকপি, মটরশুঁটি) ১ কাপ (ছোট করে কাটা), ক্যাপসিকাম, গোটা জিরা ও মেথি ১/২ চা চামচ করে, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ২-৩টি (চেরা), বাটার ১-২ টেবিল চামচ, পানি ২-৩ কাপ

যেভাবে বানাবেন : মুগডাল হালকা ভেজে (যদি মসুর ডাল ব্যবহার করেন তবে ভেজানো) পানি ঝড়িয়ে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিন। সবজি কেটে নিন। প্যানে বাটার গরম করে গোটা জিরা ও মেথি দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা, রসুন কুঁচি, কাঁচা মরিচ এবং হলুদ, জিরা গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর কাটা সবজি ও ধোয়া আধাভাঙা ডাল দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার ওটস এবং পরিমাণমতো পানি (প্রায় ২-৩ কাপ) দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না ওটস ও ডাল সেদ্ধ হয়ে খিচুড়ির মতো ঘন হয়ে আসে। গরম গরম ওটস খিচুড়ি ওপরে একটু ঘি বা ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
ফ্রুটি ওটস
যা যা লাগবে : ১/২ কাপ ওটস, ১.৫ কাপ পানি বা দুধ, পছন্দমতো ফল (কলা, আপেল, বেরি), বাদাম, সামান্য দারুচিনির গুঁড়া ও মধু।

যেভাবে বানাবেন : পাত্রে দুধ বা পানি ফুটিয়ে নিন। ওটস দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট বা নরম হওয়া পর্যন্ত রান্না করুন। নামানোর আগে সামান্য দারুচিনির গুঁড়া ও মধু মেশান। ওপর থেকে পছন্দের ফল ও বাদাম ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
ভেজিটেবল স্যুপ
যা যা লাগবে : কুঁচি করা সবজি (গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, পেঁয়াজ কুঁচি ) ২ কাপ (চাইলে একটা চিকেন ব্রেস্ট স্রেড করে দেওয়া যাবে), রসুন কুঁচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২/৩টি (ফালি করা), তেল বা মাখন ১ টেবিল চামচ (মাখনে স্বাদ অনেক বাড়ায়), গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ (পানিতে গোলানো), পানি বা ভেজিটেবল স্টক ৪-৫ কাপ, লবণ স্বাদমতো, ডিম ২টা সাদা অংশ, গোটা ডিম হলে ১টি।

যেভাবে বানাবেন : হাঁড়িতে তেল/মাখন গরম করে রসুন কুঁচি ও পেঁয়াজ কুঁচি হালকা সোনালি করে ভাজুন। সবজিগুলো দিয়ে ২-৩ মিনিট উচ্চতাপে ভাজুন। পানি বা স্টক দিয়ে দিন। ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট মাঝারি আঁচে সবজি সেদ্ধ করুন। স্বাদমতো লবণ ও গোলমরিচ দিন। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে অনবরত নাড়ুন যতক্ষণ না স্যুপ ঘন হয়। একটা গোটা ডিম বা ২টা ডিমের সাদা অংশ দিয়ে নামিয়ে নিন। গরম গরম উপভোগ করুন।