× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসার উপহার

লাবিবা ইরম

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪ পিএম

ভালোবাসার উপহার

বছর ঘুরে আবার এসেছে ভালোবাসার মাস। ১৪ ফেব্রুয়ারি – ভালোবাসার দিনে পছন্দের মানুষকে উপহার দিয়ে সারপ্রাইজড করতে সবাই চান। সঙ্গে জানাতে চান প্রিয় মানুষটির প্রতি ভালোবাসার গভীরতা। তাই উপহার দিলেও সবাই খোঁজে একটু আলাদা কিছু। চলুন তবে গতানুগতিক উপহারের চেয়ে একটু আলাদা কিছু দেয়া যাক এবারের ভালোবাসা দিবসে। 

হাতে লেখা চিঠি - সেই আদিকাল থেকে আজ পর্যন্ত ভালোবাসার এক অনন্য প্রকাশ হাতে লেখা চিঠি। আধুনিক যুগেও ভালোবাসার ক্ষেত্রে এর আবেদন একটুও কমেনি। তাই এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে দিতে পারেন হাতে লেখা চিঠি। রঙিন কাগজে লেখা চিঠিতে প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রকাশ থাকবে আপনার ভাষায়। সঙ্গে দিতে পারেন ফুল। চিঠির কাগজে স্প্রে করে দিতে পারেন আপনার প্রিয় পারফিউমটি যেন খোলার সঙ্গে সঙ্গেই ঘ্রাণ পায় প্রিয়জন।

মেমোরি জার 

একটি কাচের জারে ৫০-১০০টা ছোট রঙিন চিরকুটের টুকরো দিয়ে সাজাতে পারেন মেমোরি জার। দুইভাবে এটি সাজাতে পারেনÑ আপনাদের প্রিয় সব মুহূর্ত ছোট করে লেখা বা ভবিষ্যতে কোন সব মুহূর্ত একসাথে পেতে চান সেগুলো লেখা, বিভিন্ন ভালোবাসার বা অনুপ্রেরণামূলক লেখা। এ ছাড়া নিজের পছন্দমতো গানের লাইন, উক্তিÑ এসব দিয়েও সাজাতে পারেন। নিজেদের ছবি ছোট সাইজে প্রিন্ট করে, কিছু গ্লিটার, পুঁতি, শুকনো ফুলের পাপড়ি- এসব দিয়েও জার সাজাতে পারেন। 

গল্প, গান, কবিতা উপহার

নিশ্চয়ই ভাবছেন গান বা কবিতা কীভাবে উপহার দেয়? চাইলেই সম্ভব। লিখে ফেলুন আপনার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে কবিতা অথবা সুর করে ফেলুন কয়েক লাইন গান। অথবা বলেই ফেলুন তার সঙ্গে আপনার ভালোবাসার জগতের গল্প। নিজে না পারলে কোনো বন্ধু বা পরিচিত মানুষ যদি এসব নিয়মিত চর্চা করে তাদের সাহায্য নিন। 

কাস্টমাইজড জার্নাল বা ফটোবুক

প্রিয় মানুষের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তের ছবি বা প্রিয় মানুষের ছবি দিয়ে সাজানো জার্নাল বা ফটোবুক হতে পারে আরেকটি ইউনিক উপহার। 

উপহার দিন কিছু প্রিয় মুহূর্ত 

উপহার যে সব সময় বস্তুগত হতে হবে তা নয়। বরং ভালোবাসার উপহার হিসেবে দিতে পারে দারুণ কিছু মুহূর্তের অভিজ্ঞতা। প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যান তার কোনো প্রিয় জায়গায় অথবা একসঙ্গে অ্যাক্টিভিটিজ করা যায়, এমন কোনো জায়গায়। তার কোনো স্বপ্নের অ্যাক্টিভিটিজ বা জায়গায় নিয়ে যেতে পারলে আরও দারুণ ব্যাপার হবে সেটা। না হলে একসঙ্গে ঘুরুন, খেতে যান, খেলায় মেতে উঠুন, নতুন কোনো এক্সপেরিয়েন্স নিন। 

হাতে বানানো ক্রাফটস

হাতে বানানো ক্রাফটস যেমন - কার্ড, ফুলের বোকে, ওয়াল ফ্রেম, হাতে সেলাই করা পাঞ্জাবি, শাড়ি বা জামাসহ নানা জিনিস দিতে পারেন। বর্তমানে ক্যানভাসে সুতা দিয়ে হাতে সেলাই করা ক্রাফটস বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রিয় মানুষের নাম, আপনাদের দুজনের নামের অক্ষর অথবা তার প্রিয় যেকোনো জিনিস সেলাই করে দিতে পারেন ক্যানভাসে। নিজে সেলাই না জানলে অনলাইনে কাস্টোমাইজড অর্ডার করতে পারেন। 

প্রিয় জিনিস উপহার

প্রিয় মানুষের প্রিয় জিনিস বই হলে খুঁজে বের করুন তার পছন্দের কোনো লেখকের কোনো কম পরিচিত অথবা রেয়ার কালেকশনের বই। চা পছন্দ হলে তার পছন্দের ফ্লেভারের চা দিতে পারেন। গাছ ভালোবাসলে একটু রেয়ার কোনো গাছ খুঁজে এনে উপহার দিন। একটু কষ্ট হলেও এমন পছন্দের অন্যরকম জিনিস পেলে যে কেউই খুশি হতে বাধ্য। সঙ্গে ভালোবাসার গভীরতাও বুঝতে তার কোনো অসুবিধাই হবে না। অনেকেই চকলেট গিফট হিসেবে পেতে ভীষণ পছন্দ করেন। চকলেট বক্স হিসেবে দিতে পারেন, চাইলে আলাদা আলাদা র‍্যাপ করে সাজিয়েও দেওয়া যায়। কারও পছন্দের তালিকায় হয়তো ডায়েরি রয়েছে। লিখতে যারা ভালোবাসেন তাদের ডায়েরি ও সুন্দর কলমও উপহার হিসেবে মন্দ হবে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা