লেখা ও আঁকা : নিশা আক্তার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৯ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০ পিএম
আঁকা : নিশা আক্তার
সূচীর দাদির একটা পুরনো ট্রাঙ্ক আছে। এটা নিয়ে ছোট্ট সূচীর কৌতূহলের অন্ত নেই। ট্রাঙ্কটার গায়ে রিকশা পেইন্টিং করাÑ রঙিন ফুল আর টানা টানা লাইন। এগুলো দেখে মাঝে মাঝেই ওর মন কল্পনায় ডুবে থাকে।
একদিন দাদি ট্রাঙ্ক খুলতেই সূচী ভেতর থেকে একটা পুরনো কাঁথা বের করল। কাঁথাটার গায়ে হাতি, পাখি আর পাতার নকশা করা। সূচী অবাক হয়ে দাদির দিকে তাকায়।
‘দাদি, এটা কী?’
দাদি বলেন, ‘এটা নকশিকাঁথা। আগে মেয়েরা পুরনো কাপড় দিয়ে এগুলো বানাত। এই কাঁথায় কত যে গল্প রয়েছে।’
‘কাঁথায় আবার গল্প কী!’ ভাবতে থাকে সূচী। রাতে কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে সে হাত বোলাতেই হঠাৎ মনে হয় কাঁথার ভেতর থেকে কেউ কথা বলছে। হাতির নকশাটা ধীরে ধীরে বলে,
Ñ ‘আমাকে কাঁথায় আঁকা হতো শক্তির প্রতীক হিসেবে। হাতি মানে ধৈর্য আর সাহস। প্রতিটি সংসার যেন টিকে থাকে, সেই আশায় আমাকে সেলাই করা হতো নকশিকাঁথায়। পাশ থেকে পাখিটা বলে ওঠে,
Ñ‘আমরা পাখিরা স্বাধীনতার চিহ্ন। সুখের খবর বয়ে আনি ঘরে ঘরে। মেয়েরা চাইত তাদের ঘর শান্তি আর আনন্দে থাকুক সবসময়, তাই তারা আমাদের আঁকত।’
পাতারা নরম স্বরে বলে,
Ñ‘আমরা প্রকৃতির গল্প। গাছ যেমন বারবার নতুন করে জন্ম নেয়, তেমনি তাদের জীবনও যেন সব সময় নতুনের মতো সুন্দর থাকেÑ এই আশায় আমাদের আঁকা হতো। সূচী মুগ্ধ হয়ে শোনে। তার মনে হয় হাতি, পাখি আর পাতারা যেন তার খুব আপন। এই হাতি, পাখি আর পাতারাই তার বন্ধু হয়ে যায়।
কিন্তু হুট করে একদিন তারা আর কথা বলে না। সূচির মন খারাপ হয়ে যায়। সে ভালো করে কাঁথার দিকে তাকিয়ে দেখেÑ এক জায়গায় সেলাই থেমে আছে, নকশাটা অসম্পূর্ণ। সূচী দাদির কাছে গিয়ে জিজ্ঞেস করে,
Ñ ‘দাদি, কাঁথাটা শেষ করা হয়নি কেন?’
দাদি একটু দুঃখ করে বলেন,
Ñ‘কারণ এখন আর আগের মতো কেউ এসব করে না। আমাদের এই কাজগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।’
সূচী চুপচাপ কাঁথাটা হাতে নেয়।
Ñ‘আমি কি বাকি অংশটা সেলাই করতে পারি, দাদি?’
দাদি হেসে বলেন,
Ñ ‘এটাই তো আমি চাই। ঐতিহ্য ধরে রাখতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে।’
সূচী যখন সুঁই-সুতো হাতে নিয়ে নতুন নকশা সেলাই করতে শুরু করে, তখন যেন কাঁথার ভেতরটা আবার প্রাণ ফিরে পায়। তখন আবার হাতি, পাখি আর পাতারা বলে ওঠেÑ ‘দেখলে সূচী, যতদিন আমাদের কেউ মনে রাখবে, যত্ন করে আগলে রাখবে, ততদিনই আমরা বেঁচে থাকব।’ সূচী তখন বুঝে যায়Ñ নকশিকাঁথা শুধু একটা কাঁথা নয়, এটা বাঙালির ঐতিহ্যের গল্প, স্মৃতি আর জীবনের গল্প ।