তাসলিম সিদ্দিক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:৩১ পিএম
কখনও খেয়াল করে দেখেছেন একঝাঁক তাজা ফুলের গন্ধে যেন পুরো দিনটা রঙিন হয়ে ওঠে। সকালের শিশিরমাখা গোলাপ, সাদা জুঁইয়ের মিষ্টি সুবাস, বা লাল-গোলাপি লিলির মায়াবী রূপ, এসবই মনকে এক নিমেষে সতেজ করে দেয়। কিন্তু কথা হলো, চাইলেই কি তাজা ফুল পাওয়া যায় বিশেষ করে এই ইট-পাথরের ব্যস্ত শহরে? আজকাল ঢাকার মতো ব্যস্ত শহরেও তাজা ফুলের সন্ধান পাওয়া আসলে খুব কঠিন নয়। শুধু জানতে হবে কোথায় যাবেন, কখন যাবেন, আর কীভাবে সবচেয়ে ভালো ফুল পাবেন। চলুন আজকে গল্প বলি ঢাকার বিভিন্ন জায়গার ফুলের বাজার, দাম, সময় আর ফুলের ব্যবহার বিষয়ে।
শাহবাগ ফুলের বাজার
ঢাকায় শাহবাগ ফুলের বাজারের নাম কমবেশি সবাই জানেন। রমনা পার্কের কাছে এই বাজার ঢাকার ফুলের হৃৎপিণ্ড। ভোর ৫টা থেকে শুরু হয় এখানকার আসল জমজমাট। সকাল ৭টা-৮টার মধ্যে ট্রাক থেকে ঝুড়ি ঝুড়ি তাজা ফুল নামে। গোলাপ, রজনিগন্ধা, জুঁই, গাঁদা, লিলি, চন্দ্রমল্লিকাÑ সব রকম ফুলের সমাহার মেলে এখানে। দামও হাতের নাগালেই। একটা ছোট গোলাপের গুচ্ছ ৫০ থেকে ১৫০ টাকা, মাঝারি বুকে ২০০-৪০০ টাকা, আর বড় সাইজের সুন্দর বুকে ৫০০-৮০০ টাকার মধ্যে পাওয়া যায়। সকালে পাইকারি কেনাবেচা বেশি হয়, দুপুর পর্যন্ত খুচরা চলে। সন্ধ্যায়ও কয়েকটা দোকান খোলা থাকে, তবে তখন তাজা ফুল কম পাওয়া যায়। তবে ভিড়ের মধ্যে অবশ্যই সাবধানে থাকুন, কারণ পকেটমারের ঝুঁকি আছে।
আগারগাঁও
আগারগাঁও ফুলের মার্কেট আরেকটা ভালো জায়গা। শেরেবাংলা নগরের কাছে এই বাজার শাহবাগের চেয়ে একটু ছোট, কিন্তু ফুলের গুণগত মান খুব ভালো। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এখানে দেশি ফুল বেশি পাওয়া যায়Ñ টগর, চামেলি, বেলি, গাঁদা। দামও প্রায় একই রকম, ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে ছোট-মাঝারি গুচ্ছ। বিবাহ বা উৎসবের সময় এখানকার চাহিদা অনেক বেড়ে যায়।
রবীন্দ্র সরণি, উত্তরা
উত্তরার দিকে গেলে রবীন্দ্র সরণি বা আশপাশের কয়েকটা ছোট দোকানে তাজা ফুল সহজেই পাওয়া যায়। সকাল থেকে রাত অবধি খোলা থাকে। মিরপুরের কারওয়ান বাজারের কাছেও ফুলের একটা ছোট সেকশন আছে, যেখানে সকালবেলা বেশ ভিড় হয়। এখানে ফুলের সঙ্গে সবুজ পাতা, ফার্ন, আর ডেকোরেশনের জিনিসও পাওয়া যায়।
গুলশান-বনানী
গুলশান-বনানী এলাকায় ফুলের দোকানগুলো একটু আলাদা। এখানে প্রিমিয়াম ও ইমপোর্টেড ফুল বেশি। লিলি, অর্কিড, জারবেরা, ডাচ রোজÑ এসবের বুকে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা থাকে। এই এলাকায় ফুল কিনলে একটু বেশি দাম দিতে হয়, কিন্তু কোয়ালিটি ও প্যাকেজিংও অনেক ভালো।
আজকাল ব্যস্ত মানুষের জন্য অনলাইন অপশন খুব সুবিধাজনক। আর ঢাকায় এখন একই দিনে ডেলিভারি খুব সহজলভ্য। ফলে অনলাইন অর্ডারে সকাল ১০টা-দুপুর ১২টার মধ্যে অর্ডার করলে সেদিনই ফুল পৌঁছে যায়। ডেলিভারি চার্জ হয় ১০০-২৫০ টাকা। সাধারণ বুকে ৫০০ থেকে ১৫০০ টাকা, আর প্রিমিয়াম বা মিক্সড ফুলের বুকে ২০০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত হয়। তাজা রাখার জন্য এগুলো বিশেষ প্যাকেজিং করা হয়, আবার চাইলে চকলেট, কেক বা অন্য গিফট যোগ করা যায়।