মাহবুবা মিতু
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:১২ পিএম
সময়ের স্রোতে ভেসে এসে আমরা আরও একটি নতুন বছরে পা রাখলাম। নতুন বছর ক্যালেন্ডারের পাতা বদলানোর চেয়েও বড় সুযোগ নিজেকে নতুন করে সাজানোর। আগের বছরের ব্যস্ততা, অগোছালো দিনযাপন, জমে থাকা কাজ আর অব্যক্ত ক্লান্তি নিয়ে আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন জীবনের ছন্দ ভেঙে পড়ে। নতুন বছরের শুরু তাই শুধু উৎসব বা পরিকল্পনার তালিকা নয়, বরং থেমে দাঁড়িয়ে নিজের চারপাশ আর নিজের ভেতরটাকে নতুন করে দেখার সময়।
কোন জিনিসগুলো অপ্রয়োজনীয়, কোন অভ্যাসগুলো বোঝা হয়ে দাঁড়িয়েছে, আর কোন সম্পর্ক বা কাজগুলো যত্ন চায় এই প্রশ্নগুলোই আমাদের গোছগাছের পথে নিয়ে যায়। ঘরের শৃঙ্খলা যেমন দৈনন্দিন জীবনকে সহজ করে, তেমনি জীবনের গোছানো সিদ্ধান্ত মানসিক প্রশান্তি এনে দেয়। নতুন বছরের এই সূচনালগ্ন তাই হতে পারে বাহ্যিক ও অভ্যন্তরীণ দুদিক থেকেই নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার প্রথম ধাপ। এই আলোচনায় আমরা অনুসন্ধান করব কীভাবে ‘ঘর, জীবন এবং সম্পর্ক’ এই গুরুত্বপূর্ণ দিকগুলোকে সুসংগঠিত করে আমরা একটি সফল ও শান্তিময় নতুন বছরের সুদৃঢ় ভিত্তি রচনা করতে পারি।
নতুন বছরে ঘরের গোছগাছ
ঘরের গোছগাছ মানে শুধু জিনিসপত্র ঠিকঠাক রাখা নয় এটি নিজের জীবনধারা ও চিন্তাভাবনাকে সুশৃঙ্খল করার এক প্রয়োজনীয় প্রক্রিয়া। যখন আমরা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে প্রয়োজনীয়গুলো গুছিয়ে রাখি, তখন অজান্তেই আমাদের মনও হালকা হয়। এতে সময়ের অপচয় কমে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং দৈনন্দিন কাজের প্রতি মনোযোগ বাড়ে। একটি গোছানো ঘর আমাদের শিখিয়ে দেয় কীভাবে অগোছালো অভ্যাস ও নেতিবাচকতা পেছনে ফেলে সহজ, পরিমিত ও সচেতন জীবনযাপন করা যায়। নিচে পয়েন্ট আকারে কিছু ব্যবহারিক টিপস দেওয়া হলো :
অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন (ডিক্লাটারিং) :
ভাঙা, অচল বা দীর্ঘদিন অব্যবহৃত জিনিস (যেমন পুরনো খেলনা, কাপড়, বাসন) ফেলে দিন বা দান করুন। এতে ঘর হালকা ও পরিষ্কার হবে।
মেয়াদোত্তীর্ণ জিনিস ফেলে দিন
রান্নাঘরে পুরনো খাবার, ওষুধ বা কসমেটিক্স চেক করে অপ্রয়োজনীয়গুলো সরান। এতে স্বাস্থ্য ও শক্তি উভয়ই ভালো থাকবে।
একটি করে ঘর গোছানো শুরু করুন
সবকিছু একসঙ্গে না করে, প্রথমে বেডরুম বা লিভিং রুম থেকে শুরু করুন। বিছানার চাদর, কুশন কভার বদলে নতুনত্ব আনুন।
স্টোরেজ সিস্টেম তৈরি করুন
বাক্স, শেলফ বা অর্গানাইজার ব্যবহার করে জিনিসপত্র গুছিয়ে রাখুন। লেবেল লাগিয়ে রাখলে সবকিছু সহজে খুঁজে পাওয়া যায়।
পর্দা, চাদর ও কুশন বদলান
কম খরচে ঘরের লুক চেঞ্জ করতে নতুন চাদর বা পর্দা লাগান। এতে ঘর নতুনের মতো লাগবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
ঘর পরিষ্কার করে এয়ার ফ্রেশনার বা ফুলদানি রাখুন, নিয়মিত ধুলো ঝাড়ুন।
জীবনের গোছগাছ
জীবন গোছাতে হলে অকারণ দুশ্চিন্তা, বিষাক্ত সম্পর্ক ও অগোছালো অভ্যাস থেকেও নিজেকে মুক্ত করতে হয়। নতুন বছরে জীবনকে যেভাবে সুশৃঙ্খল ও অর্থবহ করে তুলতে পারেনÑ
লক্ষ্য নির্ধারণ করুন
বছরের শুরুতেই SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) লক্ষ্য নির্ধারণ করুন। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করলে তা অর্জন সহজ হয়।
দৈনিক রুটিন তৈরি করুন
প্রতিদিন সকালে প্ল্যানার বা অ্যাপে দিনের কাজ লিখে রাখুন। এটি মানসিক চাপ কমায় এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কমে। কাজের গুরুত্ব অনুযায়ী প্রায়োরিটি সেট করুন জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ আগে করুন।
সময়সীমা নির্ধারণ করুন
প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট ডেডলাইন ঠিক করুন। এতে কাজে গতি আসে এবং অলসতা কমে।
ডিজিটাল টুলস ব্যবহার করুন
Notion, To-do list বা Google Calendar-এর মতো অ্যাপ ব্যবহার করে কাজ ও সময় ট্র্যাক করুন।
জীবনের ভারসাম্য বজায় রাখুন
কাজ, পরিবার, স্বাস্থ্য ও শখ সবকিছুর জন্য সময় দিন। ‘Wheel of Life’ টুল ব্যবহার করে দেখুন কোন ক্ষেত্রে বেশি মনোযোগ প্রয়োজন।
খারাপ অভ্যাস পরিহার করুন
অগোছালো অভ্যাস (যেমন দেরি করে ঘুমানো, দেরিতে ওঠা, সময়ের কাজ সময়ে না করা) চিহ্নিত করে ধীরে ধীরে তা পরিবর্তন করুন। তার বদলে ভালো অভ্যাস গড়ে তুলুন (যেমন নিয়মিত ব্যায়াম, পড়াশোনা ইত্যাদি)।
মানসিক শান্তি বজায় রাখুন
মেডিটেশন, জার্নালিং বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। প্রতিদিনের শেষে দিনটি সংক্ষেপে রিভিউ করুন।
পরিশ্রম ও অধ্যবসায় বজায় রাখুন
শুধু পরিকল্পনা নয়, নিয়মিত পরিশ্রম ও ধারাবাহিক প্রচেষ্টাই জীবনকে সত্যিকার অর্থে গুছিয়ে তোলে। নিয়মিত নিজের অগ্রগতি যাচাই করুন।
সম্পর্কের গোছগাছ
একটি গোছানো সম্পর্ক কেবল আমাদের মানসিক প্রশান্তিই দেয় না, বরং জীবনের প্রতিটি প্রতিকূলতায় লড়াই করার শক্তি জোগায়। চলুন জেনে নিই, কীভাবে খুব সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের প্রিয় সম্পর্কগুলোকে আরও পরিপাটি ও মধুময় করে তুলতে পারি।
পারস্পরিক সম্মান
সম্পর্কের ক্ষেত্রে একে অপরের মতামত, অনুভূতি ও ব্যক্তিত্বকে সম্মান করুন, অবমূল্যায়ন করবেন না কখনও। মনের কথা স্পষ্টভাবে বলুন এবং মনোযোগ দিয়ে সঙ্গীর কথা শুনুন। ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করা ও স্মরণীয় মুহূর্ত তৈরি করা জরুরি। ছোট ভুল বা মতভেদকে বড় না করে নমনীয় থাকা ও প্রয়োজন হলে আপস করতে হবে।