প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:০৭ পিএম
ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি পরিষেবা। অফিসের কাজ, অনলাইন মিটিং, পড়াশোনা কিংবা ইউটিউবে বিনোদনÑ সবকিছুর জন্যই নির্ভর করতে হচ্ছে দ্রুতগতির ইন্টারনেটের ওপর। সে কারণেই ঘরে বা দপ্তরে ওয়াইফাই রাউটার ব্যবহার করছেন প্রায় সবাই। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, প্রত্যাশিত গতি মিলছে না। কখনও ইন্টারনেট ধীর হয়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ করেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা অন্যান্য স্মার্ট গ্যাজেট।
এসব সমস্যার বড় একটি কারণ হলো রাউটারের সঠিক ব্যবহার না জানা। অনেকেই ভালো মানের রাউটার কিনলেও সেটি কোথায় বা কীভাবে রাখলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে সচেতন নন। ফলে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।
সংযোগ না এলে কী করবেন
সংযোগ বারবার বিচ্ছিন্ন হলে প্রথমেই কিছু সাধারণ বিষয় খেয়াল করা জরুরি। প্রতিদিন অন্তত ১০ মিনিট রাউটার বন্ধ রাখা ভালো। এতে রাউটারের ভেতরের অস্থায়ী ত্রুটি দূর হয় এবং সংযোগ স্থিতিশীল হতে সাহায্য করে। তাতেও কাজ না হলে রাউটারের অ্যান্টেনা পরীক্ষা করা উচিত। অনেক সময় অ্যান্টেনা নষ্ট বা দুর্বল হয়ে গেলে সিগন্যাল ঠিকমতো ছড়াতে পারে না। সে ক্ষেত্রে নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে অ্যান্টেনা বদলে নেওয়াই সবচেয়ে ভালো সমাধান।
এ ছাড়া রাউটারের খুব কাছাকাছি ব্লুটুথ ডিভাইস, ওয়্যারলেস স্পিকার কিংবা মাইক্রোওয়েভ, ওভেন থাকলে সেগুলোও সিগন্যালের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এসব ডিভাইস রাউটার থেকে দূরে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে রাউটার রাখার জায়গা পরিবর্তন করলেও সংযোগের মান অনেকটাই উন্নত হতে পারে।
দ্রুতগতি যেভাবে পাবেন
দ্রুতগতির ইন্টারনেট পেতে হলে রাউটার কোথায় রাখা হচ্ছে, সেটিও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত যে ঘরে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়, সেই ঘরেই রাউটার রাখা ভালো। সম্ভব হলে উঁচু কোনো স্থানে রাউটার বসাতে হবে, যেন সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। দেওয়ালে ঝুলিয়ে রাখাও একটি কার্যকর উপায় হতে পারে। রাউটার যেন কোনোভাবে বাঁকা বা কাত হয়ে না থাকে, সে দিকেও নজর দেওয়া জরুরি। পাশাপাশি সব অ্যান্টেনা চারপাশে ঘুরিয়ে সঠিকভাবে সেট করলে ঘরের বিভিন্ন অংশে রেডিও সিগন্যাল পৌঁছানো সহজ হয়।
এসব পদ্ধতি অনুসরণ করার পরও যদি সমস্যা থেকে যায়, তাহলে একবার রাউটার রিসেট করে নেওয়া যেতে পারে। এতে রাউটারের অভ্যন্তরীণ সফটওয়্যার বা সার্কিটজনিত ত্রুটি অনেক সময় ঠিক হয়ে যায়। সঠিক ব্যবহারে ওয়াইফাই রাউটার থেকে পাওয়া যাবে স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা।