আলমগীর কবির
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭ পিএম
খুকিমণির সামনে সারির
দাঁত দুটি আজ কই কই?
সকাল থেকে দাঁত নিয়ে আজ
খুব হয়েছে হইচই!
এক জোড়া দাঁত কমে গেল
মুখে হাসি কম কম,
হাট থেকে আজ কে কিনেছেন
বাবা সেরা চমচম!
চমচম না খেতে পেরে
মুখ হয়েছে ভার ভার,
বিকালবেলা খেতে পারবে
মা বলছেন বারবার।
ফোকলা মুখে হাসল খুকি
পরীর মতন ঠিক ঠিক,
মেঘের আঁচল সরলে যেমন
চাঁদ হেসে যায় ঝিকমিক!