জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম
সাদা কাশবন, বায়ু শন শন, আকাশে মেঘের ঘোর
একটি রুপালি ভোর।
আহা শীত শীত, ফসলের গীত পাতাঝরা দিন শুরু
নীল মেঘ উড়ু উড়ু।
মেঘ ছুটে যায়, দূর সীমানায়, ফসলে ভরেছে মাঠ
মুখ ভরা হাসি, বড় ভালোবাসি, এ যে কৃষকের হাট।
ছোট ছোট দিন, রাত সীমাহীন, ঠান্ডা হাওয়ার ঢেউ
বাইরে দাঁড়িয়ে কেউ!
কে দাঁড়িয়ে আছে আকাশের কাছে, কে বাজাল এত বীণ
শরতের কত ঋণ।
শরতের পাখি করে ডাকাডাকি, শুনি বিদায়ের সুর
খুঁজি তাই রোদ্দুর।
রোদ্দুরে দিন, থাক অমলিন, পিঠা-পায়েসের ভিড়ে
পাখিরা আসুক ফিরে।
পাখিরা আসবে, ধানেরা হাসবে, চাষিরা গাইবে গান
হেমন্তের আহ্বান।