প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটিতে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন (7th International Conference on Integrated Sciences-ICIS 2025)। এ সম্মেলন ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আওইউ) দ্য গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ভিডিও বার্তা প্রদান করেন আওইউ দ্য গাম্বিয়ার আচার্য অধ্যাপক আবু আমিনা বিলাল ফিলিপস এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস বাংলাদেশের চেয়ারম্যান মো. সবুর খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং অধ্যাপক আবুল হাসান এম সাদেক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিকস) অধ্যাপক মুহাম্মদ আহসান। আরও উপস্থিত ছিলেন রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ ইমাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সরকার। এ ছাড়া মো. মুশাররফ হোসেন, উপদেষ্টা (এইচআর), আইসিডিডিআরবি এবং সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন অনুষ্ঠানে ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য দেন।