আফসানা মিমি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৩০ পিএম
ঠোঁট আমাদের মুখমণ্ডলের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি। সুন্দর, আর্দ্র আর কোমল ঠোঁট পুরো ব্যক্তিত্বকে আলাদা মাত্রা দেয়। কিন্তু আবহাওয়া, মানসিক চাপ কিংবা যত্নের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যায়, রঙ হারায় কিংবা ফেটে যায়। অথচ সামান্য যত্নেই ঠোঁটের প্রাকৃতিক আভা অনেক দিন ধরে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু নিয়ম মেনে কীভাবে ঠোটের আভা ধরে রাখা যায়।
পর্যাপ্ত পানি পান
শরীরে পানির ঘাটতি হলেই ঠোঁট সবার আগে শুকিয়ে যায়। ঠোঁটের ত্বকে তেল গ্রন্থি নেই, তাই আর্দ্রতা ধরে রাখতে ভেতর থেকে পানি খুব দরকার। দিনে অন্তত আট গ্লাস পানি পান করলে ঠোঁটও স্বাভাবিকভাবেই নরম আর সতেজ থাকবে।
নিয়মিত স্ক্রাব
ঠোঁটে জমে থাকা মৃত কোষ আভা নষ্ট করে দেয়। তাই সপ্তাহে অন্তত একবার ঠোঁট হালকা স্ক্রাব করা উচিত। ঘরোয়া উপায় হিসেবে চিনি ও মধু মিশিয়ে হালকা হাতে ঘষে নিতে পারেন। এতে ঠোঁট হবে মসৃণ এবং প্রাকৃতিক রঙও উজ্জ্বল দেখাবে।

লিপবাম ব্যবহার
বাজারে নানা ধরনের লিপবাম পাওয়া যায়। তবে পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল, মধু বা শিয়া বাটারযুক্ত লিপবাম বেশি কার্যকর। দিনে কয়েকবার অল্প অল্প করে লাগালে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে এবং ফাটা ঠোঁট দ্রুত সেরে উঠবে।
সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা
শুধু ত্বক নয়, সূর্যের আলো ঠোঁটকেও ক্ষতিগ্রস্ত করে। অতিরিক্ত রোদে ঠোঁটের স্বাভাবিক রঙ হারিয়ে যায়, কালচে হতে শুরু করে। তাই বাইরে বের হলে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন। এটি ঠোঁটকে ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেবে।
ঠোঁট ভেজানোর অভ্যাস কমান
অনেকের অভ্যাস আছে ঠোঁট শুকিয়ে গেলে বারবার জিভ দিয়ে ভিজিয়ে নেওয়া। এতে ঠোঁট আরও শুকিয়ে যায় এবং ফেটে যায়। তাই এই অভ্যাস এড়িয়ে চলা জরুরি।
সুষম খাদ্যাভ্যাস
ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন বি, সি ও ই-সমৃদ্ধ খাবার খুব প্রয়োজন। শাকসবজি, ফলমূল, বাদাম ও মাছ খেলে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ঠোঁটের গোলাপি আভা বাড়ায়। আয়রন ও হিমোগ্লোবিনের ঘাটতি থাকলেও ঠোঁট ফ্যাকাসে হয়ে যায়, তাই পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
প্রাকৃতিক প্যাক ব্যবহার
শীতকালের অতিরিক্ত যত্ন
শীতকালে ঠাণ্ডা বাতাসে ঠোঁট দ্রুত ফেটে যায়। এ সময় ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা মধু লাগিয়ে ঘুমালে সকাল বেলা ঠোঁট থাকবে নরম ও আর্দ্র।
প্রসাধনীতে সচেতনতা
লিপস্টিক বা লিপগ্লস নিয়মিত ব্যবহার করলে ঠোঁটে রাসায়নিকের প্রভাব পড়ে। তাই মানসম্মত প্রসাধনী ব্যবহার করুন, আর রাতে শোয়ার আগে অবশ্যই মেকআপ তুলতে ভুলবেন না। নাহলে ঠোঁটের প্রাকৃতিক আভা নষ্ট হয়ে যাবে।
ঠোঁটের আভা ধরে রাখা কোনো কঠিন কাজ নয়। নিয়মিত যত্ন, পর্যাপ্ত পানি পান, সুষম খাবার ও কিছু সহজ অভ্যাস মেনে চললেই ঠোঁট থাকবে কোমল, আর্দ্র ও আকর্ষণীয়। ঠোঁট সুন্দর থাকলে হাসিও হয়ে ওঠে আরও উজ্জ্বল, আর তা ছড়িয়ে দেয় আত্মবিশ্বাসের ঝলক।