× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার রান্না

সেতু বৈশ্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫ পিএম

পূজার রান্না

পূজার সময় সাধারণ রান্নাকেই অসাধারণ লাগে উৎসবের ছোঁয়া লাগে বলেই। আজকের হেঁশেলে রইল পূজার কয়েকটি রেসিপি  

লুচি ও নারকেল দিয়ে বুটের ডাল

লুচি বানাতে যা যা লাগবে
ময়দা, তেল, লবণ, দুধ, পানি।


যেভাবে বানাবেন
ময়দায় তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ময়দার মধ্যে দুধ আর পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাখা ময়দা ৩০-৩৫ মিনিট রেস্টে রাখতে হবে। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে মাখা ময়দা থেকে লুচি বেলে নিয়ে ভেজে নিতে হবে।

নারকেল দিয়ে বুটের ডাল বানাতে যা যা লাগবে

বুটের ডাল, নারকেল কোড়ানো এবং ছোট টুকরো করা, হলুদ, লবণ, আদা বাটা, চিনি, কাঁচামরিচ, তেল, জিরা গুঁড়া, এলাচ, তেজপাতা, আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা।

যেভাবে বানাবেন 

বুটের ডাল ভালো করে ধুয়ে অল্প লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে একে একে দিতে হবে আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা, এলাচ, তেজপাতা, ফালি করা কাঁচা মরিচ এবং আদা বাটা। এগুলো অল্প করে রঙ ধরলে টুকরো করে রাখা নারকেল দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ডাল মিশিয়ে দিতে হবে। ডালের সঙ্গে অল্প করে জিরা গুঁড়া, চিনি দিয়ে ভালো করে জ্বাল দিতে হবে। যদি আলাদা করে পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। নামানোর আগে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দিতে হবে।

পুর ভরা আলুর দম

যা যা লাগবে 
আলু, পনির, হলুদ, লবণ, চিনি, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া, টমেটো পেস্ট, টক দই, ঘি, কাজুবাদাম বাটা, আস্ত গরম মসলা, আস্ত জিরা, কুচি করে নেওয়া কাজুবাদাম আর কিশমিশ, আস্ত কাঁচামরিচ, আস্ত শুকনো মরিচ, পানি।


যেভাবে বানাবেন 

একটু ছোট সাইজের আলু প্রথমে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর একটা চামচ বা ছুরির সাহায্যে আলু ভেতরের দিকে একটা গর্তের মতো করে নিতে হবে। মানে ভিতরের আলু বের করে নিয়ে আসতে হবে। আলুর সঙ্গে হলুদ লবণ মিশিয়ে কড়াইয়ে তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে। ১০/১২ মিনিট সময় নিয়ে আলু ভাজতে হবে। আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা আর আস্ত ধনে শুকনো খোলায় ভেজে একটা ভাজা মসলা বানিয়ে নিতে হবে। কুকিং পনির ভালো করে গ্রেট করে নিতে হবে। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনি, হলুদ, ভাজা মসলা, লবণ, অল্প করে গরম মসলা গুঁড়ো। চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। কুচি করে রাখা কাজু আর কিশমিশ দিয়ে সবকিছু ভালো করে মেখে নিতে হবে। এবারে এই মেখে নেওয়া পনিরের স্টাফিংটা আলুর ভিতরে চেপে চেপে দিয়ে দিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা, আস্ত জিরা ফোঁড়ন দিতে হবে। টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একে একে দিতে হবে সব গুঁড়া মসলা। প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। কাজুবাদাম বাটা, টক দই দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে ভালো করে। এরপর দিতে হবে পানি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে পনিরের পুর ভরা আলু দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে। আলুটা সিদ্ধ হয়ে ঝোলটা বেশ কমে এলে গরম মসলা গুঁড়ো, ঘি আর আস্ত কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে পুর ভরা আলুর দম।

বাসন্তী পোলাও 

যা যা লাগবে
পোলাওয়ের চাল, হলুদ, লবণ, চিনি, কাজুবাদাম, কিশমিশ, তেজপাতা, গরম মসলা আস্ত, গরম মসলা গুঁড়ো, তেল, ঘি, গরম পানি।


যেভাবে বানাবেন
পোলাওয়ের চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এর সঙ্গে হলুদ, লবণ, চিনি, গরম মসলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল আর ঘি দিয়ে গরম করে নিয়ে তাতে কাজুবাদাম আর কিশমিশ ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে আস্ত গরম মসলা আর তেজপাতা ফোঁড়ন দিয়ে পোলাওয়ের চাল দিতে দিতে হবে। ভালো করে ভেজে পরিমাণমতো গরম পানি দিতে হবে। পোলাও হয়ে গেলে ভেজে রাখা কাজু কিশমিশ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাসন্তী পোলাও।

দুধ শুক্তো
যা যা লাগবে
উচ্ছে, বেগুন, আলু, মিষ্টি আলু, সজনে ডাটা, গাজর, পেঁপে, কুমড়ো অথবা ডালের বড়ি, পাঁচফোড়ন, লবণ, হলুদ, চিনি, পোস্ত, সাদা ও কালো সরিষা, রাঁধুনি, দুধ, পানি, তেল, ঘি, তেজপাতা।


যেভাবে বানাবেন
প্রথমে দুটো মসলা তৈরি করে নিতে হবে। পোস্ত আর দুই রকমের সরিষা ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভালো করে বড়ি ভেজে তুলে নিতে হবে। ওই তেলে উচ্ছে আর বেগুন একে একে ভাজতে হবে। যে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওগুলো আগে থেকে ভেজে তুলে রাখতে হবে। এবারের কড়াইয়ের তেলে পাঁচফোড়ন আর তেজপাতা দিতে হবে। আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিতে হবে বাকি সবজিগুলো যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। লবণ আর অল্প হলুদ দিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে। বেটে রাখা পোস্ত সরিষার পেস্ট দিয়ে মিশিয়ে নিয়ে দিতে হবে দুধ এবং পরিমাণ মতো পানি। এমনভাবে দিতে হবে যেন সবজি ভালো করে সিদ্ধ হয়ে আরও খানিকটা ঝোল থাকে। সবজি সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়ি আর ভাজা সবজি মিশিয়ে নিতে হবে। ঢেকে রান্না করতে হবে আরও ৫ মিনিট। নামানোর আগে অল্প চিনি, ভেজে গুঁড়ো করে রাখা রাঁধুনি আর ঘি ভালো করে মিশিয়ে দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা