আহমেদ সাব্বির
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮ পিএম
অলংকরণ : সিদরাতুল মুনতাহা ওহিবা, প্লেপ ওয়ান, আর্নিকা শাখা, গ্রিন অ্যাপোল স্কুল অ্যান্ড কলেজ, তালতলা (আগারগাঁও) ঢাকা
বয়স আমার তিন কি চার
এই বয়সে তিন টিচার
বাসায় এসে পড়ান
অ-আ-ক-খ অনর্গল
এ-ফর অ্যাপল বি-ফর বল
নামতা হজম করান।
বয়স আমার একটু কম
পড়ছি তবু সব রকম
মাম্মি পাপা যা চান
ছুটির দিনেও দুজন টিচার
আঁকান এবং নাচান।
বয়স আমার তিন কি চার!
আসছে আরও তিন টিচার
বলতে পারো কিসের?
সুইমিং সাইক্লিং এবং
স্পোকেন ইংলিশের।

ফুটতে দাও কুঁড়ি
কনক কুমার প্রামাণিক
ফুটতে দাও কুঁড়িগুলোকে
তবেই তো ফুল পাবে,
কুঁড়ি থেকে পূর্ণতা আর
কে পেয়েছে কবে?
কুঁড়ির যদি যত্ন করো
করবে বাগান আলো,
আলোকিত সে ফুল বাগিচা
লাগে সবার ভালো।
পাখির কাছে ফুলের কাছে
পাবে অনেক কিছু,
কুঁড়িগুলো ফুটতে দিলে
থাকবে তোমার পিছু।

স্বপ্নপুরী
সারোয়ার হোসেন
আকাশ যেন পরে আছে
চকচকে নীল শাড়ি
পেঁজাতুলো উড়ে উড়ে
যাচ্ছে মেঘের বাড়ি।
সকাল বেলায় ঘাসের ডগায়
হাসে শিশির কণা
বিকেল হলে সোনা রোদে
মেলছে পাখি ডানা।
দোয়েল পাখি শিস দিয়ে যায়
সবুজ পাতার ফাঁকে
শরৎকালে শিউলি ফুলের
সুবাস আসে নাকে।
সবুজ মাঠে রৌদ্র ছায়ার
চলে লুকোচুরি
বিলে ঝিলে শাপলা শালুক
দেশটা স্বপ্নপুরী।