তাছলিম সিদ্দিক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮ পিএম
পূজার আমেজ শুরু হয়ে গেছে। এই সময় নিজেকে সাজিয়ে তোলার জন্য ত্বক ও চুলের যত্নের কোনো ছাড় দেওয়া চলবে না। পূজার ভিড়ে ঝকঝকে ত্বক আর ঝলমলে চুল নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এখনই প্রস্তুতি শুরু করতে হবে। আজ জানাব ত্বক ও চুলের যত্নের কিছু সহজ ও কার্যকরী টিপস, যা পূজার সাজকে আরও আকর্ষণীয় করে তুলবে।
ত্বকের যত্ন
পূজার আগে ত্বকের যত্ন শুরু করতে হবে একটু পরিকল্পনা করে। প্রথমেই দরকার ত্বক পরিষ্কার রাখা। দিনে দুবার মুখ ধোয়া জরুরি। এজন্য ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বেছে নিন। তৈলাক্ত ত্বকের জন্য ফোমিং ক্লিনজার আর শুষ্ক ত্বকের জন্য ক্রিমভিত্তিক ক্লিনজার ভালো কাজ করে। পাউডার ফেসওয়াশও ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। হাতে অল্প পাউডার নিয়ে পানি মিশিয়ে ফেনা তৈরি করে মুখে আলতো করে ঘষে নিলেই ত্বক পরিষ্কার ও সতেজ হয়ে উঠবে।
ত্বক পরিষ্কারের পরে এক্সফোলিয়েশনের পালা। সপ্তাহে দুবার মৃদু স্ক্রাব ব্যবহার করুন। স্ক্রাবিং করলে ত্বকে জমে থাকা মৃত কোষ দূর হয়ে ত্বক হয়ে ওঠে মসৃণ। তবে বেশি স্ক্রাব করবেন না, এতে ত্বক শুকিয়ে যেতে পারে। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পূজার সময় আবহাওয়া একটু শুষ্ক হতে পারে, তাই হালকা, নন-স্টিকি ময়েশ্চারাইজার বেছে নিন। সেনসিটিভ ত্বকের জন্য অ্যালোভেরা বা সিরামাইড-যুক্ত ময়েশ্চারাইজার ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। দিনের বেলা বাইরে বের হওয়ার আগে কমপক্ষে এসপিএফযুক্ত সানস্ক্রিন লাগিয়ে নিন। এটা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাবে।

উৎসবের আগে ত্বকের লাবণ্য ফেরানোর জন্য ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার ক্লে মাস্ক বা হলুদ-মধু মিশিয়ে ঘরোয়া মাস্ক বানিয়ে লাগান। এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তবে যেকোনো নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে হাতে একটু টেস্ট করে নিন, যাতে ত্বকের কোনো সমস্যা না হয়। আর পানি বেশি করে খানÑ দিনে অন্তত ৮ গ্লাস। এটা ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে।
চুলের যত্ন
ঝলমলে, সুস্থ চুল সবাইকে মুগ্ধ করে। উৎসবের আগে তো চুলের যত্ন বাধ্যতামূলক নিতেই হবে। এজন্য প্রথমেই চুল পরিষ্কার রাখুন। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সালফেট-মুক্ত শ্যাম্পু বেছে নিন। কারণ এটা চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে না। চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন।
চুলের গোড়া মজবুত করতে সপ্তাহে একবার তেল মালিশ করুন। নারকেল তেল বা আমলা তেল দিয়ে মাথার ত্বকে মালিশ করে ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটা চুল পড়া কমায় আর চুলকে চকচকে করে। ঘরোয়া মাস্ক হিসেবে মেথি ভেজানো পানি বা দই-মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটা চুলকে নরম আর মজবুত করে। তবে পূজার সময় হেয়ার স্টাইলিংয়ের জন্য হিট টুলস ব্যবহার করলে হিট প্রটেক্ট্যান্ট স্প্রে লাগান, যাতে চুলের ক্ষতি না হয়।
চুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাওয়া-দাওয়া। প্রোটিন আর ভিটামিন-সমৃদ্ধ খাবার খান। ডিম, মাছ, বাদাম আর সবুজ শাকসবজি খেলে চুল যথাযথ পুষ্টি পায়।
কিছু পরামর্শ
মডেল : নিকিতা ও জুনি, ছবি : মনজু আলম