কাজী সুমাইয়া জাহান ইলমী
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৮:২৬ পিএম
ঘড়ি আভিজাত্যের প্রতীক। শৌখিন মানুষদের কাছে ঘড়ি নিজের ব্যক্তিত্বের অন্যতম প্রতীক। গহনার মতো ঘড়িরও বিশেষ যত্নের প্রয়োজন হয়, নইলে অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে। চলুন জেনে নেয়া যাক কীভাবে ঘড়ির যত্ন নেয়া যায় সেই সম্পর্কে।
ঘড়ির যত্ন
১) ঘড়ি যতই ওয়াটারপ্রুফ হোক বা কালার গ্যারান্টি থাকুক, তাও আমাদের উচিত ঘড়ি পানিতে ভিজলে তা সাথে সাথে মুছে ফেলা যেন পানিটা ঘড়িতে লেগে না থাকে। নইলে ধীরে ধীরে ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, আয়ু কমে যায় ঘড়ির।
২) ঘড়ি বাইরে থেকে এসে খুলে সাথে সাথে বক্সের ভিতর রাখা উচিত নয়। খুলে ১০-১৫ মিনিট বাতাসে রেখে ঘাম শুকিয়ে তারপর বক্স করে রাখলে ঘড়ির কালার ও ব্যাটারি দুটোই অনেকদিন অব্দি ভালো থাকে।
৩) ঘড়ির ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব ব্যাটারি নতুন করে লাগিয়ে ফেলা উচিত। তাহলে মেশিনও নষ্ট হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন।

৪) অনেক সময় আমরা হাত এর উপর স্প্রে করি। সেটা আমরা ঘড়ি পরার আগেই করবো, কোনোভাবেই যেন ঘড়ির উপর স্প্রে না লাগে। তাহলে ঘড়ির রঙ নষ্ট হয়ে যায় এসিডের জন্য। এই দিকটা খেয়াল রাখলে রঙ উঠে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না।
৫) ঘড়ি সব সময় এমনভাবে পরবো যেন খুব বেশি টাইট হয়ে হাতে না লেগে থাকে। নইলে ঘাম ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৬) ঘড়ি নরম কাপড়ে মুড়িয়ে বা ঘড়ির বাক্সে রাখুন। ঘড়িটিকে অন্য জিনিসের সাথে একসাথে রাখবেন না, এতে ঘড়ির ক্ষতি হতে পারে।

৭) ঘড়িকে চুম্বক বা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থেকে দূরে রাখুন, যা ঘড়ির কার্যকারিতায় সমস্যা সৃষ্টি করতে পারে।
৮) ঘড়িকে ভারী বস্তু বা ধারালো জিনিসের সংস্পর্শ থেকে দূরে রাখুন, নইলে ঘড়িতে স্ক্র্যাচ পড়তে পারে বা ভেঙে যেতে পারে।
ঘড়ি যেহেতু শৌখিন একটি এক্সেসরিজ, তাই সব সময় কেনা হয় না। এজন্য নিয়ম মেনে যত্ন নিলে ঘড়ি ভালো থাকবে অনেকদিন।
ছবি- Ornet Aura