গ্রাম থেকে শহরে হাঁসের মাংস অনেকেরই বেশ পছন্দের খাবার। আজকের হেঁশেলে ৩ ধরনের হাঁসের মাংসের রেসিপি সম্পর্কে জানাচ্ছেন কাজী নওশিণ লায়লা
চুই ঝালে হাঁসের গোস্ত
যা যা লাগবে
১টি হাঁস, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দুই চামচ করে, পেঁয়াজ বাটা ৩-৪ কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, মরিচ ৫-৬টি, তেল ২-৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, আস্ত গরম মসলা (তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ, আস্ত গোলমরিচ, দারুচিনি ২-৩টা), একটা নারিকেল থেকে দুধ বের করে নিতে হবে, ৭/৮ টুকরো চুইঝাল, ৩-৫ টা আস্ত রসুন
যেভাবে বানাবেন
কড়াইয়ে তেল দিয়ে গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে বাটা মসলা, গুঁড়া মসলা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে মসলার ওপর যখন তেল উঠে আসবে, তখন হাঁসের মাংস দিন। ভালো করে নেড়ে ঢেকে দিন। যখন মাংস কষে আসবে তখন চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে দিন। হাঁসের মাংস এবং মসলা ভুনে পানি টেনে এলে পরিমাণমতো নারিকেল দুধ দিয়ে ঢেকে দিন। ঝোল কমে তেল ওপরে উঠে এলে কাঁচামরিচ, বেরেস্তা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করুন চুই ঝালে হাঁসের গোস্ত।
হাঁসের আস্ত রোস্ট
যা যা লাগবে
কাঁটা চামচ দিয়ে কেচানো ১টি হাঁস, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ,
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাশ্মিরী মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া ২ চা চামচ, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো।
যেভাবে বানাবেন
প্রথমে হাঁস হলুদ ও লবণ, কাশ্মীরি মরিচ গুঁড়া মেখে রেখে দিন। প্যানে তেল দিয়ে হাঁসটি ছেড়ে দিন। বাদামি হয়ে গেলে আদা ও রসুন বাটা দিন। এবার অল্প আঁচে হলুদ, জিরা, ধনিয়া, গোলমরিচ, গরম মসলা ও মরিচ বাটা ভালো করে মিশিয়ে নিন। এরপর মাঝারি আঁচে লেবুর রস দিন। এবার টকদই ভালো করে ফেটে এর মধ্যে দিন। আঁচ কমিয়ে ঢেকে দিন। নামানোর আগে আধা কাপ বেরেস্তা আর ২ টবিল চামচ ঘি আর ৪/৫ টা কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট দমে রাখুন। ঘন হয়ে গেলে এবং মাংস সিদ্ধ হলে নামিয়ে ফেলুন।
হাঁসের কালা ভুনা
যা যা লাগবে
বড় রাজহাঁসের মাংস ২ কেজি/পাতিহাঁস ২টা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ, সবুজ এলাচ ৫/৬ টি, তারা মৌরি/স্টার এনিস একটি, তেজপাতা ৫/৬ টি, দারুচিনি ৪/৫ টুকরো, পেঁয়াজ বাটা আধা কাপ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল দুই টেবিল চামচ, সয়াবিন তেল এক কাপ, শুকনা মরিচ পাঁচটি, মিহি পেঁয়াজ
কুচি দুই কাপ।
কালা ভুনা মসলা বানাতে লাগবে - লবঙ্গ ৭-৮টি, গোলমরিচ ১০-১২টি, জয়ত্রী অর্ধেক, রাঁধুনি জিরা এক চা চামচ, কালোজিরা দুই চা চামচ।
যেভাবে বানাবেন
মাংসের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে ভেজে গুঁড়া করে নিন। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হাঁড়িতে দিন। মাংস মাখার সব উপকরণ ও কালা ভুনার মসলা দিয়ে মাংস মেখে মেরিনেট করে ১ ঘন্টা রেখে দিন। সয়াবিন তেলে এলাচ, দারুচিনি দিয়ে নেড়ে অর্ধেক পেঁয়াজ কুঁচি দিন, বেরেস্তা ভেজে মাংস দিন। ৪৫ মিনিটের মতো মিডিয়াম থেকে সামান্য বেশি আঁচে রান্না করুন। মাঝে মধ্যে নেড়ে দিন। ৪৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। চুলায় প্যান চাপিয়ে তেল, শুকনা মরিচ ও বাকি পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে রান্না করা মাংস দিন। গুঁড়ো মসলা ছিটিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। ৫ মিনিট কষিয়ে নিন। আধা কাপ পানি দিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম ভাত, পোলাও বা রুটি পরোটার সাথে।