× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুর জন্য চমক

আফসানা মিমি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ১৩:৪৫ পিএম

বন্ধুর জন্য চমক

মানুষের জীবনে কিছু সম্পর্ক রক্তের বাঁধনে গড়া আর কিছু সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের টানে। বন্ধুত্ব হলো তেমনই এক সম্পর্ক; যা গড়ে ওঠে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা আর আনন্দ ভাগাভাগির ভিত্তিতে। তাই প্রতি বছর আগস্টের প্রথম রবিবার উদযাপিত হয় ‘বন্ধু দিবস’। এই দিনটি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর, তাদের ভালোবাসা ও গুরুত্ব প্রকাশের এক অসাধারণ সুযোগ। মানুষের জীবনে বন্ধু হচ্ছে এমন একটি সম্পর্ক, যেটা রক্তের সম্পর্ক না হয়েও হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা দখল করে রাখে। পরিবার আমাদের জন্ম দেয়, কিন্তু বন্ধুদের আমরা নিজের পছন্দেই বেছে নিই। বন্ধু দিবস তাই এমন এক বিশেষ দিন, যেদিন আমরা আমাদের প্রিয় বন্ধুদের জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করতে পারি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই বিশেষ দিনটিকে অর্থবহ করে তুলতে পারেন।

একটি ফোনকল, পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনতে পারে

অনেক দিন ধরে যাদের সঙ্গে কথা হয় না, এই দিনে তাদের ফোন দিতে পারেন। ব্যস্ততা, দূরত্ব বা ভুল বোঝাবুঝির কারণে বন্ধুত্বে ফাটল ধরলেও একটি আন্তরিক ফোনকলই অনেক ভুল মুছে দিতে পারে।

একটি চিঠি বা হাতে লেখা নোট

ডিজিটালের যুগে হাতে লেখা কোনো চিঠি বা ছোট্ট নোট যেকোনো বন্ধুর মন ছুঁয়ে যাবে। তার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত লিখে তুলে ধরুনÑ এই ছোট্ট প্রচেষ্টাই হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে সুন্দর উপহার।

একসঙ্গে সময় কাটানো

বন্ধু দিবসে একসঙ্গে কোনো আয়োজন করতে পারেনÑ হোক সেটা প্রিয় কোনো ক্যাফেতে বসে আড্ডা, প্রাকৃতিক কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা সবার বাড়িতে বসেই সিনেমা দেখা। মূল কথা হলো, একটু সময় বের করে একে অপরের সঙ্গে থাকা।

স্মৃতির অ্যালবাম তৈরি করুন

আপনার মোবাইলে হয়তো বন্ধুদের সঙ্গে তোলা শত শত ছবি আছে। সেগুলো থেকে বেছে নিয়ে একটি ডিজিটাল অ্যালবাম বা ভিডিও তৈরি করতে পারেন। চাইলে ছবিগুলোর সঙ্গে কিছু মজার ক্যাপশনও যোগ করতে পারেন।

বন্ধুদের জন্য ছোট্ট উপহার

উপহার খুব দামি না হলেও চলবে। হতে পারে সেটা একটি বই, একটি ব্রেসলেট বা নিজের হাতে তৈরি কিছু। উপহারের পেছনে আপনার চিন্তাভাবনাই আসল।

সারপ্রাইজ পরিকল্পনা

বন্ধু দিবসে সারপ্রাইজের আনন্দই আলাদা। হঠাৎ করে কেক, বেলুন, গান আর ভালোবাসা দিয়ে পরিকল্পনা করুন একটি ছোট্ট আয়োজন। কিছু প্রিয় বন্ধু আর হাসিমুখই যথেষ্ট এক বিকালকে স্মরণীয় করে তোলার জন্য। সামাজিক মাধ্যমে বন্ধুকে উৎসর্গ করুন

যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তারা চাইলে বন্ধুদের নিয়ে একটি পোস্ট দিতে পারেন। একসঙ্গে কাটানো সময়ের ছবি দিয়ে একটি মেসেজ শেয়ার করুন অথবা তার প্রশংসা করে কিছু লিখুনÑ বন্ধুদের মন ভালো হয়ে যাবে।

ঘরে বসে উদযাপন

সব সময় বাইরে যাওয়া সম্ভব না হলেও বন্ধু দিবস উদযাপন থেমে থাকবে না। ঘরে বসেই ভিডিওকলের মাধ্যমে আড্ডা দিন, একসঙ্গে সিনেমা দেখুন বা অনলাইন গেম খেলতে পারেন।

বন্ধু দিবসে যা বলা উচিত নয়

এই দিনটি শুধুই আনন্দের। তাই এমন কিছু বলা উচিত নয়, যা বন্ধুকে বিব্রত করতে পারে। যেমনÑ পুরনো ঝগড়ার প্রসঙ্গ টানা, অন্য কারও সঙ্গে তুলনা করে বন্ধুদের দোষ ধরা, অতিরিক্ত ঠাট্টা বা তিরস্কার করা, বন্ধুত্বে যেমন হাসি, খুনসুটি থাকে; তেমনি থাকে সম্মান আর অনুভূতির গুরুত্ব। চেষ্টা করুন এই দিনটিকে শুধু উপভোগ করার, স্মরণীয় করে রাখার। 

বন্ধুত্ব মানে শুধুই আনন্দ নয়, এক ধরনের দায়িত্বও

বন্ধু দিবস শুধু শুভেচ্ছা জানানোর দিন না। এটি এমন একটি উপলক্ষ, যা আপনাকে মনে করিয়ে দেয় জীবনে কিছু সম্পর্ক আছে যা নিঃস্বার্থ, অকৃত্রিম এবং বিশুদ্ধ। সেই সম্পর্কই বন্ধুত্ব। আপনার জীবনে যদি এমন একজন বন্ধু থাকে, যে আপনার খারাপ সময়েও পাশে থেকেছে, তাহলে সে-ই আপনার জন্য সবচেয়ে বড় উপহার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা