রহীম শাহ
প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৩:০০ পিএম
অবিরাম ছুটি রাজপথ ধরে অবিরাম ছুটি পথে
আমার এ ছোটা থামবে হয়তো নিকট ভবিষ্যতে।
হয়তো আমার পথের নিশানা অরুণ আলোর রেখা
ছুটতে ছুটতে সূর্যের কাছে পৌঁছাব একা একা।
সূর্যের কাছে গিয়েই বলব আমার আলোর তাজ
নিয়েই আমার বাড়িতে ফিরব শপথ নিয়েছি আজ
বাড়িতে ফিরলে সবাই দেখবে এসেছে সোনার ছেলে
আমার মাথার মুকুটে দেখব সূর্যের আলো খেলে।
আমার দুচোখে স্বপ্নরা ভাসে আমার দুহাতে মুঠি
আমার দুপায়ে শক্তি-সাহস তাই অবিরাম ছুটি
আমার শরীর জড়ানো রয়েছে বাংলার পতাকাতে
বীর তিতুমীর হয়েই দেখাব সোনালি সকাল হাতে।