লাবিবা ইরম
প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৩:০০ পিএম
দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এই ঈদের দিনটি প্রত্যেকেরই কেটে যায় দারুণ ব্যস্ততায়। তাই ঈদের প্রস্তুতি হিসেবে গরু কেনার পাশাপাশি আরও বেশ কিছু বাজার সদাই আগে থেকেই সেরে রাখলে পরবর্তীতে ঝামেলাও কম হয়।
কী কী রাখবেন বাজারের লিস্টে
ফুড গ্রেডেড প্লাস্টিক বক্স ও জিপলক প্যাকেট
ঈদের দিন মাংস রাখা নিয়ে যেন ঝামেলা পোহাতে না হয় সেজন্য ঈদের আগেই কিনে ফেলুন ফুড গ্রেডেড প্লাস্টিক বক্স ও জিপলক প্যাকেট। এতে বাড়তি ঝামেলা কমে যাবে অনেকটাই।
ছুরি, বঁটি ও দা
মাংস কাটার জন্য বঁটি, দা ও ছুরি অবশ্যই লাগবে। তাই বাজার সদাইয়ের তালিকায় দরকারি এই জিনিসগুলো রাখতে ভুলবেন না।
পোলাও চাল
ঈদ মানেই মাংস পোলাও। আর কোরবানির ঈদ হলে তো কথাই নেই। পোলাও হোক বা বিরিয়ানি, পোলাও চাল তো চাই-ই চাই। তাছাড়া পায়েস, জর্দা ইত্যাদি নানা মিষ্টি খাবার তৈরিতেও পোলাও চালের প্রয়োজন হয়। তাই বাজার সদাইয়ের তালিকায় এই চাল অবশ্যই রাখুন।
তেল, মসলা, চিনি, দুধ
মজাদার খাবার রান্না করতে অবশ্যই প্রয়োজন নানা মসলা। গরুর গোস্ত অথবা বিরিয়ানিÑ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা, জায়ফল, জয়ত্রি, গরম মসলাসহ নানা রকম মসলাতেই হয়ে ওঠে সুস্বাদু। যেকোনো রান্নাসহ নানা রকম বড়া, কাবাব ইত্যাদি তৈরি করতে তেল তো প্রয়োজন হয়ই। তাই সয়াবিন আর সরিষা দুই রকম তেলই প্রয়োজনমতো নিতে হবে। এ ছাড়া লাগবে মিষ্টি জাতীয় রান্নার জন্য দুধ ও চিনি। তাই অবশ্যই তালিকায় এগুলোও রাখতে হবে।
মাছ ও শাকসবজি
শুধু মাংস খেলেই হবে না, টানা এরকম নানা গুরুপাক খাবার খেতে থাকলে শরীর খারাপ হতে পারে। তাই এসব খাবারের ফাঁকে ফাঁকে এক-দুই বেলা বড় অথবা ছোট মাছ, বিভিন্ন শাকসবজি যেমনÑ লাউ, কাঁচকলা, ঝিঙেসহ নানারকম সবজি খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। মাছ আগে কিনলেও সবজি কিনুন ঈদের আগের দিন। এতে টাটকা খাওয়া যাবে খাবার।
বিভিন্ন ফলমূল
শাকসবজির পাশাপাশি শরীর সুস্থ রাখতে বিভিন্ন ফলেরও প্রয়োজন আছে। এ ছাড়া ঈদের নানা আয়োজনে ফলের সালাদও রাখতে পারেন। কাস্টার্ড কিংবা ফ্রুট কেক বানাতে চাইলেও রঙিন ফলের দরকার। তাই ঈদের বাজারে ফলের কথা ভুলে গেলেও চলবে না।
মাংস
কোরবানির ঈদে মাংস কেনার কথা শুনে চমকে উঠতে পারেন। চমকানোর কোনো কারণ নেই। ঈদের আগে গরু নয়, বরং কিনতে পারেন মুরগি অথবা খাসির মাংস। কিনে ফ্রিজিং করে ফেলতে পারেন। ঈদের দিন সকালে রান্না করে ফেললে মেহমানদারি নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। তাছাড়া অনেক সময় কোরবানির মাংস রান্নার জন্য প্রস্তুত করতে দেরি হয়ে যায়। তাই আগে থেকে কিছুটা মাংস রান্না থাকলে ঈদের আয়োজনে আর কোনো ঝামেলাই থাকবে না।
পানীয়
ঈদের দিন আমরা নানারকম তেল মসলাযুক্ত ভারী খাবার খেয়ে থাকি। এ সময় হজমের জন্য কিছু পানীয়ের ব্যবস্থা থাকলে বেশ ভালো হয়। বাজারে যে কোমল পানীয় পাওয়া যায় তার বদলে লেমোনেড, লাচ্ছি, বোরহানী ইত্যাদি হলে স্বাস্থ্যের জন্যও ভালো হয়। তাহলে খাবার হজমে বেশ সুবিধা হবে। ঘরেই স্বাস্থ্যকর উপায়ে এই পানীয়গুলো বানানোর উপকরণগুলো কিনে নিন এখনই।
ওষুধ ও ফার্স্ট এইড বক্স
কোরবানির ঈদে ভারী খাবার খাওয়া হয় বেশি। তাছাড়া এবার বেশ গরমের মাঝেই ঈদ। তাই গরমে এত ভারী খাবার খেয়ে শরীর খারাপ হলে যেন এসিডিটির ওষুধ, হজমের ওষুধ, ডিহাইড্রেশনের জন্য স্যালাইন অথবা ওষুধ পেয়ে যান হাতের কাছে সেটি খেয়াল রাখুন। তাছাড়া কোরবানির ঈদে কাটাকাটি বেশি হয়, যেকোনো অসাবধানতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এ জন্য ফার্স্ট এইড বক্সও রেডি রাখুন। বিশেষত গজ, তুলা ব্যান্ডেজ ও রক্ত বন্ধ করা বা কাঁটাছেড়ার জন্য যা প্রয়োজন সেগুলোও হাতের নাগালে রাখুন। ঈদ উপলক্ষে অনেক সময়ই ফার্মেসি বন্ধ থাকে। তাই আগেভাগেই এগুলো কিনে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
পরিষ্কার সামগ্রী
কোরবানির ঈদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা মেইনটেইন করা। যেহেতু এ সময় অনেক বেশি ময়লা ও আবর্জনা, রক্তের দাগ ইত্যাদি থাকে, তাই এ সময় পরিষ্কার করার সামগ্রীরও বেশি প্রয়োজন হয়। তাই কোরবানির বাজারের লিস্টে পরিষ্কার করার জন্য ফিনাইল, ব্লিচিং পাউডার, ডাস্টবিন ব্যাগ, ডিস ওয়াশার পাউডার বা লিকুইড, টিস্যু ইত্যাদি নিতেও ভুলবেন না কিন্তু।