সিয়াম সায়ের
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১২:১৪ পিএম
বসন্তের শুরুতেই ফোটে লাখ লাখ টিউলিপ ফুল
একটি সুন্দর বসন্তের সকাল। সূর্য উঁকি দিচ্ছে মৃদু রোদ নিয়ে, আর আমরা বেরিয়ে পড়লাম নিউইয়র্কের লং আইল্যান্ড থেকে নিউ জার্সির বিখ্যাত হল্যান্ড রিজ ফার্মসের পথে।
আমাদের উদ্দেশ্য হাজার হাজার রঙিন টিউলিপের মাঝে এক মনোমুগ্ধকর দিন কাটানো। হল্যান্ড রিজ ফার্মস নিউ জার্সির ক্রিম রিজ শহরে অবস্থিত একটি পারিবারিক মালিকানাধীন ফুলের খামার, যেখানে বসন্তের শুরুতেই ফোটে লাখ লাখ টিউলিপ ফুল। আমরা সকালের দিকে যাত্রা শুরু করি যাতে দুপুরের আগেই ফার্মে পৌঁছাতে পারি। লং আইল্যান্ড থেকে গাড়িতে যেতে সময় লাগে ২.৫ থেকে ৩ ঘণ্টা। রাস্তাটা বেশ মনোরম, সবুজ গাছগাছালি, হাইওয়ে ধরে চলা আর মাঝে কফি বা নাশতার জন্য ছোট একটি বিরতি।
-682acbf2a6d5e.jpg)
ফার্মে ঢুকেই মনে হলো যেন নেদারল্যান্ডসের কোনো ছোট্ট এক গ্রামে পা রেখেছি। চোখের সামনে শুধু রঙিন টিউলিপের সমুদ্র। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা টিউলিপ ফুল, প্রকৃতি যেন রঙের প্যালেট নিয়ে ছবি এঁকেছে। ফার্মে প্রবেশের জন্য অগ্রিম টিকিট নিতে হয় এবং সময় অনুযায়ী স্লট নির্ধারিত থাকে, তাই পরিকল্পনা করে যাওয়াটা ভালো। আমরা ঘণ্টাখানেক ঘুরে ঘুরে ছবি তুললাম, কেউ কেউ ফুল হাতে নিয়ে পিকনিক করল, আবার ছোটরা দৌড়ে বেড়াল ফুলের মাঝে।
-682acc0583bf7.jpeg)
ফার্মে ফুড ট্রাকও ছিল, যেখানে তাজা লেমনেড, আইসক্রিম ও স্থানীয় খাবারের ব্যবস্থা ছিল। চাইলে ফার্ম থেকে নিজ হাতে ফুল তুলে নিয়ে যাওয়ারও সুযোগ আছে, প্রতি ফুলের জন্য নির্দিষ্ট মূল্য দিতে হয়। বিকেলের দিকে রোদে পুরো ফার্ম যেন সোনালি আলোয় ঝলমল করে উঠল। আমরা কিছু ফুল কিনে নিলাম, কিছু স্যুভেনির, আর সঙ্গে নিয়ে এলাম অনেক স্মৃতি।
-682acc1276014.jpeg)
হল্যান্ড রিজ ফার্মস ভ্রমণ ছিল আমাদের বসন্তের অন্যতম সেরা অভিজ্ঞতা। প্রকৃতির সৌন্দর্য, রঙিন টিউলিপ, আর বন্ধুদের সঙ্গে একসঙ্গে সময় কাটানো। সবকিছু মিলিয়ে এক অনন্য দিন। লং আইল্যান্ডে থেকে একদিনের জন্য এমন এক ভ্রমণ নিঃসন্দেহে প্রশান্তি ও আনন্দ এনে দেয়। পরবর্তী বসন্তে আবার দেখা হবে এই রঙিন স্বপ্নপুরীতে!