× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিফিনবক্সে মজার নাশতা

ফারহানা রহমান

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৩:৩৭ পিএম

টিফিনবক্সে মজার নাশতা

স্কুলের টিফিনবক্সে কী নাশতা দেওয়া হবে তা নিয়ে মায়েদের দুশ্চিন্তার শেষ নেই। আজকের হেঁশেলে রইল সহজ কয়েকটি রেসিপি- 

চিকেন কাবাব

যা যা লাগবে

হাড় ছাড়া মুরগির মাংস ৬০০ গ্রাম, ছোলার ডাল ২০০ গ্রাম, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচের একটু বেশি, ৬-৭টি এলাচ, দারুচিনি, শাহি জিরা, আস্ত জিরা সামান্য, অল্প পরিমাণ জয়ত্রি (বেশি দিলে তীব্র গন্ধ হয়ে যাবে), অল্প পরিমাণ জয়ফল, লবণ, আস্ত শুকনা মরিচ ৪টি (বাচ্চা যতটুকু ঝাল খেতে পারে) কমবেশি করে নেবেন, আস্ত গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণ অনুয়ায়ী, আস্ত ডিম ২টি, পেঁয়াজ বেরেস্তা, গরম মসলা গুঁড়া, ঘি, ভাজার জন্য তেল।

যেভাবে বানাবেন

ছোলার ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রেখে মুরগি এবং ডালের মধ্যে সব মসলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ডাল ও মুরগি পাটায় বেটে বা গ্রাইন্ডার করেও নিতে পারেন। এরপর একটি পাত্রে ২টি ডিম ভেঙে কুসুম আলাদা করে শুধু ডিমের সাদা অংশ নিয়ে নেবেন। এবার মিশ্রণের মধ্যে ডিমের সাদা অংশ, পেঁয়াজ বেরেস্তা, ২ চা চামচ ঘি, গরম মসলা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার হাতের তালুতে তেল মাখিয়ে মিশ্রণটি নিয়ে কাবাব শেপ করে নিতে হবে। এটা চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। এক মাসের ওপরেও ফ্রোজেন করা যায়। সুবিধা অনুযায়ী টিফিনের জন্য ভেজে নিতে পারেন।

প্যানকেক

যা যা লাগবে

১ কাপ ময়দা, ২ টেবিল চামচ চিনি, ২ চা চামচ বেকিং পাউডার, ১/২ টেবিল চামচ লবণ, ১ কাপ ঘন দুধ, ২ টেবিল চামচ গলানো মাখন, ১টি বড় ডিম।

যেভাবে বানাবেন

প্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিলিয়ে এক সাইডে রেখে দিন। এরপর ডিমটি ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে দুধ, মাখন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যানে একটু মাখন ব্রাশ করে পরিমাণমতো বাটার দিয়ে প্যানকেক শেপ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে উঠিয়ে ফেলতে হবে। বাচ্চাদের পরিবেশনের ক্ষেত্রে ওপরে একটু চকলেট সিরাপের গার্নিসিং দিয়ে পরিবেশন করতে পারেন।

১০ মিনিটে মিনি ব্রেড পিজ্জা

যা যা লাগবে
পাউরুটি স্লাইস ৪ পিস, ক্যাপসিকাম সবুজ ১টি, লাল ১টি (লালটা না পেলে টমেটো দিতে পারেন), পেঁয়াজ, মোজেরেল্লা চিজ, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, চিলি ফ্লেক্স, ওরিগ্যানো, বাটার।


যেভাবে বানাবেন
প্রথমে পাউরুটি টুকরার ওপর টমেটো সস লাগিয়ে, ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ টুকরা পাউরুটি স্লাইসের ওপর দিয়ে দিতে হবে। এরপর এর ওপর গোলমরিচ দিয়ে তার পরে মোজেরেল্লা চিজ একটু বেশি পরিমাণ দিয়ে হালকা চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো পাউডার দিয়ে দিতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে ১ টেবিল চামচ বাটার দিয়ে পাউরুটি টুকরাগুলো রেখে ঢাকনি দিয়ে ১০ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার মিনি পিজ্জা। এরপর টিফিনে একটু মেয়োনিজের সঙ্গে এ পিজ্জা দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে।

চিকেন ডোনাট

যা যা লাগবে
হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, বড় সাইজের আলু ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, ভাজা ধনে গুঁড়া ১ চা চামচ, ভাজা লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি পরিমাণমতো, ময়দা ১/২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, কর্নস্টার্চ ২ টেবিল চামচ, ৩টি ডিমের সাদা অংশ, ব্রেড ক্রাম্ব প্রয়োজনমতো।


যেভাবে বানাবেন
মুরগির মাংস ছোট করে কেটে আদা-রসুন বাটা, লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে গ্রাইন্ডারে হালকা করে পিষে নিতে হবে। এরপর আলু সেদ্ধ করে ভালো করে ভর্তা করতে হবে। খেয়াল রাখতে হবে ভর্তা যেন নরম না হয়। এরপর সেদ্ধ মুরগির মাংসের সঙ্গে আলু মিশিয়ে বাকি সব মসলা দিয়ে দিতে হবে। এরপর বাইন্ডিংয়ের জন্য ১টি ডিম পরিমাণমতো ময়দা ও কর্নস্টার্চ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর হাতের তালুতে তেল মাখিয়ে ডো নিয়ে গোল শেপ করে মাঝে চাপ দিয়ে ট্রেতে রেখে মাঝখান থেকে গোল কোনো বোতলের মুখের অংশের সাহায্যে মাঝবরাবর কেটে নিলে ডোনাট শেপ চলে আসবে। এরপর ডিমের সাদা অংশের ভেতর ডোনাটগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে ডুবো তেলের মধ্যে ভেজে নিন। চাইলে এটা ফ্রোজেনও করতে পারেন।

পটেটো ওয়েজেস 

যা যা লাগবে
বড় আলু ৪টি, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ১টি ডিম, ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ভাজার জন্য তেল।


যেভাবে বানাবেন
প্রথমে আলু ৪টি বড় বড় ফালি করে কেটে নিতে হবে। এরপর ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে আলুগুলো ২ মিনিট সেদ্ধ করে নিতে হবে। নামিয়ে পানি ছেঁকে একটি পাতলা কাপড়ের ওপর আলুগুলা বিছিয়ে ভালো করে মুছে শুকনো করে নিতে হবে যেন আলুর গায়ে কোনো পানি না থাকে। সব উপকরণ একসঙ্গে দিয়ে এর মধ্যে আলুগুলো একসঙ্গে মিলিয়ে নিতে হবে। একটি কড়াইতে তেল ভালো করে গরম করে আলুগুলা ভেজে নিতে হবে। বাচ্চাদের টিফিনে মেয়োনিজ বা সসের সঙ্গে ওয়েজেসগুলো দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা