নাসির আহমেদ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩ পিএম
ঘরের কোণে কাটুস কুটুস
বিড়াল এবং ইঁদুর ছানা
নেচে নেচে গল্প করে
গাইছে গানও তাইরে না না।
দাদু বলেন : ব্যাপার কী হে
বড়ই আজব দৃশ্য এ!
দাদি এসে কাণ্ড দেখে
তাকিয়ে আছেন বিস্ময়ে!
ইঁদুর পেলে বিড়াল তো নেয়
দুই থাবাতে কট করে!
ইঁদুরে হয় ভূরিভোজন
তাই ধরে সে ফট করে।
এই বিড়ালটা এতই ভালো!
শিকার পেয়ে নাগালে
গল্প করে, গান গায় আর
খায় না কাছে আগালে!
ভাবতে হবে রহস্য এর
এমন খেলার ব্যাপারে
খবরটা খুব মজার হবে
ছাপলে কোন পেপারে।
গতি
রোমেন রায়হান
রাস্তাঘাটে চলতে চলতে
ভাবল গাড়ির চাকা
অবস্থা যা! গাড়ির সাথে
আর যাবে না থাকা!
গাড়ি এমন আস্তে চলে?
এমনই কম গতি?
গাড়ির সাথে থাকলে চাকার
ভবিষ্যতের ক্ষতি!
যেমন ভাবা তেমনই কাজ
গলায় আওয়াজ তুলে
গাড়ির চাকা রওনা দিল
নাট-বল্টু খুলে!
যাবার সময় বলল চাকা
বুঝলে বোকা গাড়ি!
তোমার আগেই আমরা চাকা
পৌঁছে যাব বাড়ি!
গোমরা মুখে বলল গাড়ি
আটকাবে কে? গেলে!
দেখব, কেমন যাচ্ছ দ্রুত
রিকশা, অটো ঠেলে!
হাঁচি
মাহবুবা ফারুক
আমাদের বাড়িতে আছে এক হাঁচিনাথ,
হাঁচিতেই সবাইকে করে দেয় কুপোকাত।
আজ সে জেগে গেছে খুব খুব ভোরে,
জেগেই করেছে শুরু হাঁচি দেয়া জোরে।
মাস্ক যদি আনে কেউ চায় সে রুমাল,
হাঁচিতে কাশিতে হলো গোলমাল।
চিৎকার করে বলে, ওরে ওরে হাঁচি,
দূর হ, আমি তবে ভালো করে বাঁচি।