আমীরুল ইসলাম
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫১ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
শীতের ভয়ে জড়োসড়ো
আমরা সবাই ভীতু
শীত আসছে। শীত আমাদের
অনেক প্রিয় ঋতু।
চিতই ভাপা চালের ছিটা
শীতের পিঠা অনেক মিঠা
সাগর বুকের শান্ত হাওয়া
বাজেরে ঝুমঝুমি
শীতের দিনে রোদ পোহাবে
বাবার সাথে তুমি।
শীত এলোরে শীত
শীত বিকেলে নদীর বুকে
মনু মিয়ার গীত।
শীত মানে তো ঠুকুর ঠুকুর
হাঁটেন শীতের বুড়ি
ভোরবেলাতে গভীর ঘুমে
দিয়েছি লেপ মুড়ি।
শীতের দিনে রাত বড় হয়
দিন হয়ে যায় ছোট
আম্মা বলেন পড়তে বসো
সকালবেলা ওঠো।
শীত নেমেছে মাঠে মাঠে
ফুলের বনে নদীর ঘাটে।
বটের ডালে ময়না নাচে
মনটা উড়ু উড়ু
হঠাৎ হাওয়ায় টের পেয়ে যাই
এবার শীতের শুরু।