সেলিম কামাল
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১২:২৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১২:২৯ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
এতটা ভুল বলছিস তুই, সুরুজকে চাঁদ কস্ মা!
চাঁদ সূর্য চিনবি না ঠিক অত্ত বোকা নস্ মা।
দেখি গায়ে জ্বর এলো কি- এইখানে তুই বস্ মা।
মোবাইল টিপে চোখ খেয়েছিস জলদি নে তুই চশমা।
মোবাইলে নয়, বইয়ের ভেতর সকল খ্যাতি যশ মা।
মোবাইল তো নয়, বইটাই তো সকল জ্ঞানীর বস্ মা।
মোবাইল ফেলে কষ্ট করে ধৈর্যকে কর বশ মা,
এবং নিয়ম করে খাবি কমলা লেবুর রস মা।
সাঁতার শেখার স্কুল
রোমেন রায়হান
সাঁতার শেখার স্কুল খুলেছি- বলল বোয়াল মাছে
বলল আরও, শিখতে হলে আসবি আমার কাছে!
যে জানে না সাঁতার- জীবন ষোল আনাই মিছে
আসতে দেরি করলে দেখিস ঘুরতে হবে পিছে!
আলাপ শুনে চিংড়ি অবাক, ভিরমি খেল টাকি
গোঁফ নাড়িয়ে বলল মাগুর এটাও দেখার বাকি!
অবাক হয়ে পাবদা মাছের চোয়াল গেল ঝুলে
বুঝছে না সে জানত সাঁতার! এখন গেছে ভুলে?
টেংরা পুঁটি উত্তেজনায় ছুটছে বামে ডানে
বুঝছে না কেউ বোয়াল মাছের কথার আসল মানে!
এই যে সবাই হাত-পা নেড়ে চলছি নদীর জলে
এটাই যদি সাঁতার না হয়! সাঁতার কাকে বলে?
অপেক্ষাতে বোয়াল মাছের যাচ্ছে সময় কেটে
ভাবছে, সাঁতার শিখতে এসে ঢুকবে কে কে পেটে!
আরাফাতের ধারাপাত
স্বপন শর্মা
এক তিন পাঁচ সাত
পড়ে শুধু দিনরাত
আমাদের আরাফাত
শতকিয়া ধারাপাত।
গুণ ভাগ অনুপাত
বিয়োগের উৎপাত
চলকের যত ঘাত
সব তার ডালভাত।
তবু সেই শতকিয়া
পড়ে যত মন দিয়া।
কৌশল খুলে যায়
বারবার ভুলে যায়।
শতকিয়া ধারাপাত
বসে পড়ে আরাফাত
পড়ে শুধু দিনরাত
দুই চার ছয় সাত।