হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৬:৫২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৫৪ পিএম
সুন্দরভাবে রান্না করলে শুঁটকির পদ খেতে লাগে অমৃত। যেকোন মৌসুমে সুস্বাদু শুঁটকির পদ দিয়ে একপ্লেট ধোঁয়াওঠা গরম ভাত সাবাড় করে দেয়া যায়। শুঁটকির মুখরোচক চার পদ থাকছে আজকের হেঁশেলে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা

লইট্টা ভর্তা
যা যা লাগবে : লইট্টা
শুঁটকি এক কাপ (ছোট টুকরা করা), রসুন পাঁচ-ছয় কোয়া, পেঁয়াজ কুচি এক কাপ, শুকনা মরিচ
চার-পাঁচটি, লবণ পরিমাণমতো, তেল দু-তিন টেবিল চামচ ও ধনেপাতা দুই টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : লইট্টা শুঁটকি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে শুঁটকি ভালো করে ভেজে মাছের কাঁটা বেছে নিতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার লইট্টা শুঁটকি ভর্তা।

বাঁশপাতা শুঁটকি ভুনা
যা যা লাগবে : বাঁশপাতা
শুঁটকি চারটি, রসুন কুচি এক কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ,
হলুদ গুঁড়া এক চা-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, তেল ১/৪ কাপ, কাঁচা মরিচ ছয়-সাতটি ও
লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
: শুঁটকি প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি সামান্য
ভেজে সব মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। এর মধ্যে শুঁটকি ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ
রান্না করুন। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

চ্যাপা শুঁটকি ভুনা
যা যা লাগবে : চ্যাপা
শুঁটকি ১৫টি, রসুন কুচি এক কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, মরিচ বাটা এক টেবিল চামচ, তেল
১/৪ কাপ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
: চ্যাপা শুঁটকি ভালো করে ধুয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি
ও লবণ দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে শুঁটকি ও সামান্য পানি দিয়ে রান্না করুন।
পানি শুকিয়ে শুঁটকি সিদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তেল ওপরে
উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

কাঁঠালের বিচিতে ছুরি
শুঁটকি
যা যা লাগবে : ছুরি
শুঁটকি এক কাপ (ছোট টুকরা করা), কাঁঠালের বিচি আধা কাপ (টুকরা করা), রসুন কুচি আধা
কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচা মরিচ ছয়-সাতটি, হলুদ গুঁড়া এক চামচ, মরিচ গুঁড়া দেড়
চামচ, তেল ১/৪ কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
: ছুরি শুঁটকি সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁঠালের বিচি ভাপ দিয়ে নিতে হবে।
এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। এরপর শুঁটকি দিয়ে
আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। সামান্য পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে
কষাতে হবে। কষানো হলে কাঁঠালের বিচি, কাঁচা মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে ঢেকে মাঝারি
আঁচে রান্না করুন। শুঁটকি ও কাঁঠালের বিচি সিদ্ধ হলে তেল ওপরে উঠলে নামিয়ে পরিবেশন
করুন।