খন্দকার সুহায়েব আদিব
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম
গল্পের সঙ্গে সুন্দর এ ছবিটি এঁকেছে অর্নিলা ভৌমিক
বর্ষার বৃষ্টির দিন শেষে প্রশান্তির পরশ নিয়ে আসে শরৎকাল। শরৎ মানেই আমার কাছে ভিন্ন এক অনুভূতির ঋতু। এ সময় আকাশটা খুব কাছে ও নীল দেখায়। নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, যা দেখতে খুব চমৎকার লাগে। কখনও স্বস্তির বৃষ্টি হয়। অন্য কোনো ঋতুকে আকাশটা এমন দেখায় না। নদীর দুই পাড়ে ফুটে থোকা থোকা কাশফুল। কাশফুলের শুভ্রতায় শরতের আগমনী বার্তা আমাকে খুব শিহরিত করে। গেল বছর আমি পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম পদ্মার চরে। জায়গাটির নাম হাতিঘাটা। আমাদের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে অনেক জায়গাজুড়ে কেবল কাশবন! কাশবনে ফুটে ছিল সাদা কাশফুল। কাশফুলের দিকে তাকালে চোখ জুড়িয়ে গেল। দেখলে মনে হলো পদ্মার চরে বুঝি কাশফুলের মেলা বসিয়েছে কেউ। আমি ওই দিন খুব আনন্দ করেছিলাম। সে স্মৃতি আজও ভুলতে পারিনি! এক বছর পর আবার ফিরে এসেছে শরৎকাল। এ বছরও স্কুল ছুটির দিনে পরিবারের সঙ্গে কাশফুল দেখার ইচ্ছা আছে; পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া আমার খুব ভালো লাগে। বন্ধুরা! তোমাদেরও হয়তো ঘুরতে খুব ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শরতের আকাশে সাদা মেঘের মতো আমারও ঘুরে বেড়ানোর ইচ্ছা জাগে।
পঞ্চম শ্রেণি, পালামগঞ্জ সরকারি, প্রাথমিক বিদ্যালয়, দোহার, ঢাকা